)
আপনার কাছে এখনও ২০০০ টাকার নোট আছে? তাহলে জেনে নিন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কী বলছে? ভালো করে বুঝে নিন বাড়িতে বা নিজের কাছে দু’হাজারের নোট থাকলে কী করবেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনার কাছে এখনও ২০০০ টাকার নোট আছে? তাহলে যত দ্রুত সম্ভব পারেন তা বদলে নিন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আবারও জানিয়েছে যে দু’হাজারের নোট এখনও বৈধ মুদ্রা বা লিগ্যাল টেন্ডার হিসেবেই গণ্য হচ্ছে। তাই চাইলে আপনি এখনও এই নোট বদলাতে পারেন। অনেক সময় এমনও হয় যে, আমরা বাড়িতে আলমারি বা পুরনো মানিব্যাগেও টাকা রেখে ভুলে যাই। সেক্ষেত্রে যদি আপনি ২০০০ টাকার নোট খুঁজে পেয়ে যান তাহলে তা ফেরত দিতে পারবেন আরবিআই-কে।
২০২৩ সালের ১৯ মে আরবিআই ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার জন্য সার্কুলার জারি করেছিল। এরপর থেকেই আরবিআই দু’হাজারের নোট জমা দেওয়ার নির্দেশ দিয়ে আসছে দফায় দফায়। ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল হওয়ার পর গোলাপি রঙের নতুন ২০০০ টাকার নোট চালু করেছিল আরবিআই। কিন্তু কিছুদিনের মধ্যে সেই নোটও বাজার থেকে তুলে নেওয়া হয়।
আরবিআই ধারাবাহিক ভাবেই সুযোগ দিচ্ছে
আরবিআই আবারও জনসাধারণকে মনে করিয়ে দিয়েছে যে অধিকাংশদু’হাজারের নোট ইতোমধ্যেই তাদের কাছে ফেরত চলে এসেছে। তবে যদি এখনও আপনার কাছে ২০০০ টাকার নোট থাকে তাহলে জেনে রাখা জরুরি যে, এই নোট এখনও বৈধ মুদ্রা হিসেবেই স্বীকৃত। আরবিআই জানিয়েছে যে, চাইলে আপনি ডাকযোগে আরবিআইয়ের যে কোনও ইস্যু অফিসে এই নোট পাঠিয়ে তার সমমূল্যের অর্থ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করাতে পারেন।
২০০০ টাকার নোট থাকলে ফেরত দেবেন কী কী ভাবে?
এখন কিন্তু আর ব্যাংকের মাধ্যমে ২০০০ টাকার নোট বদলানো হয় না। এর জন্য আপনাকে আরবিআই অফিসেই আসতে হবে।
দেশের বিভিন্ন শহরে অবস্থিত আরবিআইয়ের ১৯টি রিজিওনাল অফিস রয়েছে। সেখানে গিয়ে সহজেই এই নোট বদলে নিতে পারবেন।
আপনার শহরে যদি আরবিআইয়ের আঞ্চলিক অফিস না থাকে, তাহলে ডাকঘরের মাধ্যমে আরবিআইয়ের ইস্যু অফিসে নোট পাঠাতে পারেন।
ডাক যোগে নোট পাঠানোর সময় নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে আপনাকে, যাতে সেই অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরবিআই জমা করতে পারে।
যতদিন আরবিআই ২০০০ টাকার নোটকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেবে, ততদিন পর্যন্ত- আপনি এই নোট বদলে নিতে পারবেন।
(Feed Source: zeenews.com)
