)
Rajesh Sharmas Health: শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে ও সুগার স্থিতিশীল হলেও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রিয় সহ-অভিনেতার এই অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে দ্রুত আরোগ্য কামনা করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই অসুস্থ অভিনেতা রাজেশ শর্মা। কলকাতায় ‘ফৌজি’ সিনেমার শ্যুটিং করার সময় বিষাক্ত পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বুধবারই তাঁকে কলকাতার ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে, বিষাক্ত মাকড়সার কামড় থেকে গুরুতর সংক্রমণ ঘটেছে রাজেশের শরীরে।যদিও অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস পাণ্ডা জানিয়েছেন যে, এমন কিছুই হয়নি। তবে সহ-অভিনেতার এই আকস্মিক অসুস্থতায় দারুণ উদ্বিগ্ন খিলাড়ি কুমার অর্থাৎ অক্ষয় কুমার।
বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে রাজেশের সঙ্গে পুরোনো একটি হাসিমুখের ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট করেন অক্ষয়। তিনি লেখেন, ‘শ্যুটিংয়ের সময় পোকার কামড়ে আমার প্রিয় বন্ধু রাজেশের এই অসুস্থতার খবর শুনে খুব চিন্তা হচ্ছে। মহাদেব যেন ওকে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ করে তোলেন। জলদি ঠিক হো জা ইয়ার, অভি সাথ বৈঠ কে বহত হঁসনা হ্যায়।’
কেমন আছেন অভিনেতা?
হাসপাতাল সূত্রে খবর, ভরতির সময় অভিনেতার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। তবে আপাতত তাঁর শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে এসেছে এবং রক্তে শর্করার মাত্রাও স্থিতিশীল। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। তবে এখনই তাঁকে সম্পূর্ণ ‘বিপদমুক্ত’ বলতে নারাজ ডাক্তাররা। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থার স্পষ্ট মূল্যায়ন পাওয়া যাবে।
বড় পর্দায় অক্ষয়-রাজেশ জুটির রসায়ন
অক্ষয় কুমার ও রাজেশ শর্মা বহু বছর ধরে একসঙ্গে রুপোলি পর্দা কাঁপিয়েছেন। ২০১৩ সালে নীরজ পাণ্ডের থ্রিলার ছবি ‘স্পেশাল ২৬’ দিয়ে এই জুটির পথচলা শুরু। এরপর একে একে ‘টয়লেট: এক প্রেম কথা’ (২০১৭), ‘লক্ষ্মী’ (২০২০), ‘মিশন রানীগঞ্জ’ (২০২৩) এবং চলতি বছরেই মুক্তি পাওয়া প্রিয়দর্শনের হরর-কমেডি ‘ভূত বাংলা’ সিনেমাতেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা।
শুধু অক্ষয়ের সঙ্গেই নয়, ‘খোসলা কা ঘোসলা’, ‘ইশকিয়া’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘বজরঙ্গি ভাইজান’ কিংবা ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র মতো অজস্র সুপারহিট ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় এখন প্রার্থনা করছেন তাঁর অগুনতি অনুরাগী ও সিনেমা মহল।
(Feed Source: zeenews.com)
