)
TA increased for central government employee: এই নতুন বেতন কাঠামো বা সুপারিশ কার্যকর হলে দেশের ১৮টি কর্মচারী স্তর জুড়ে থাকা প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রতিরক্ষা কর্মী (Defense Personnel) উপকৃত হবেন। এর পাশাপাশি সুবিধা পাবেন প্রায় ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে জল্পনা ও প্রত্যাশা প্রতিদিন বাড়ছে। বর্তমানে দেশের বিভিন্ন রাজ্য সফর করে ডেটা ও পরামর্শ সংগ্রহের কাজ চালাচ্ছে। রেল, সেনা থেকে শুরু করে বিভিন্ন কর্মচারী সংগঠন ইতোমধ্যেই তাদের একগুচ্ছ দাবি কমিশনের কাছে পেশ করেছে। এই প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম বড় ফোকাস কর্মীদের যাতায়াত ভাতা বা ট্রান্সপোর্ট অ্যালাউন্স (TA) এবং বাড়ি ভাড়া ভাতা (HRA) বৃদ্ধি।
র্তমানে কেন্দ্রীয় স্তরে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন (AINPSEF)-এর জমা দেওয়া স্মারকলিপি নিয়ে। তাদের শীর্ষ দাবিগুলির মধ্যে অন্যতম– পে-ম্যাট্রিক্সের লেভেল-১ (Level 1) অর্থাৎ একেবারে নিচের স্তরের কর্মীদের যাতায়াত খরচের বোঝা কমাতে ন্যূনতম যাতায়াত ভাতা বাড়িয়ে প্রতি মাসে ৯,০০০ টাকা করা হোক।
বর্তমানে নিয়ম অনুযায়ী, শহরগুলোকে তিনটি শ্রেণিতে (X, Y এবং Z) ভাগ করে এই পরিবহণ ভাতা দেওয়া হয়। সপ্তম বেতন কমিশন চালুর সময় সর্বনিম্ন পরিবহণ ভাতা ছিল ১,৮০০ টাকা, যা পরে ২,৮৪৪ টাকা করা হয়।
এবার কর্মচারী সংগঠনগুলোর দাবি, আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে এই যাতায়াত ভাতা এক ধাক্কায় বহু গুণ বাড়ানো দরকার।
উল্লেখ্য, এই পরিবহণ ভাতাটি সরাসরি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA)-র সাথে সংযুক্ত থাকে, যার ফলে ডিএ বাড়লে টিএ-র অঙ্কও বৃদ্ধি পায়।
বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি
যাতায়াত ভাতার পাশাপাশি HRA বা বাড়ি ভাড়া ভাতা সংশোধনেরও জোর দাবি উঠেছে। বাজারদরের সাথে মিল রেখে ফেডারেশনের প্রস্তাবিত নতুন হারগুলি হলো:
X ক্যাটাগরি শহর (মেট্রো সিটি): বর্তমান হার থেকে বাড়িয়ে ৩৬ শতাংশ HRA।
Y ক্যাটাগরি শহর: ২৪ শতাংশ HRA।
Z ক্যাটাগরি শহর: ১২ শতাংশ HRA।
এর পাশাপাশি প্রতিবার ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই এইচআরএ-ও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়, সেই দাবিও জানানো হয়েছে। অন্যদিকে, ‘ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি’ (NC-JCM) এবং অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF)-এর মতো বড় ইউনিয়নগুলো ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর চালুর দাবি তুলেছে।
লেভেল-১ কর্মীদের বেতন এক লাফে ৬৫% বাড়ার সম্ভাবনা
যদি AINPSEF-এর এই যাতায়াত ভাতা, HRA এবং মূল বেতনের দাবিগুলি অষ্টম বেতন কমিশন অনুমোদন করে, তবে লেভেল-১ কর্মচারীদের গ্রস মাসিক বেতন বর্তমানের ৩৭,০৮০ টাকা থেকে এক লাফে প্রায় ৬১,৩৪৪ টাকা পর্যন্ত হতে পারে, যা প্রায় ৬৫ শতাংশ বেতন বৃদ্ধির সমান।
কবে নাগাদ মিলতে পারে সুবিধা এবং কারা উপকৃত হবেন?
বেতন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কাঠামো গঠন করা হয়। অষ্টম বেতন কমিশনের কাছে বিভিন্ন সংগঠনের পরামর্শ ও তথ্য জমা দেওয়ার সময়সীমা গত জুন মাসেই শেষ হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ বা অফিসিয়াল ঘোষণা সামনে আনতে পারে।
এই নতুন বেতন কাঠামো বা সুপারিশ কার্যকর হলে দেশের ১৮টি কর্মচারী স্তর জুড়ে থাকা প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রতিরক্ষা কর্মী (Defense Personnel) উপকৃত হবেন। এর পাশাপাশি সুবিধা পাবেন প্রায় ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীও। এখন দেখার, বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি কর্মচারীদের এই দাবিগুলির কতটা মান্যতা দেয়।
(Feed Source: zeenews.com)
