)
Sheikh Hasina: আওয়ামী লিগ চেয়ারম্যান শেখ হাসিনার মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে কোনও নেতাকে। যিনি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রেখে সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবেন
মৌমিতা চক্রবর্তী: ডিসেম্বর এ প্রত্যাবর্তন ২. ০ এর খবর নিজেই দিয়েছেন শেখ হাসিনা। আর এবার জোরকদমে সংগঠনের অ্যাকশন মোড অন। দেশে ফিরতে দলীয় স্তরে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্য দফায় দফায় তিনি ভারতে এবং অন্যান্য দেশে অবস্থানরত নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক শুরু করেছেন।
শনিবার দিল্লি রওনা হয়েছেন আওয়ামী লিগের বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে আছেন ঢাকায় আওয়ামী লিগের সদর অফিসের দফতরের সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি গণঅভ্যুত্থানের পর মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। কিছুদিন যাবৎ তিনিও কলকাতায় আছেন বলে খবর।
লন্ডন থেকে কিছুদিন আগে কলকাতায় এসেছেন আর এক আইনজীবী নেতা স ম রেজাউল করিম। বাংলাদেশের সাবেক মৎস্য ও জলসম্পদ মন্ত্রী করিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নামজাদা ব্যারিস্টার। তিনি অতীতে শেখ হাসিনার একাধিক মামলায় আইনজীবী হিসাবে দক্ষতার পরিচয় দিয়েছেন। গণঅভ্যুত্থানের পর থেকে তিনি দেশ ছাড়া। কলকাতা থেকে তিনিও দিল্লি যাচ্ছেন শেখ হাসিনার তলব পেয়ে। আওয়ামী লিগ সূত্রের খবর, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইনি, প্রশাসনিক ও কূটনৈতিক বিষয়গুলি দেখভালের জন্য আইনজীবীদের নিয়ে একটি টিম গঠনের ভাবনাচিন্তা শুরু হয়েছে। যাঁরা শেখ হাসিনার হয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করবেন। সেই তালিকায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ব্যারিস্টার স ম রেজাউল করিম থাকতে পারেন। হাসিনার হয়ে রাষ্ট্রসংঘ-সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন নওফেল।
একইভাবে আওয়ামী লিগ চেয়ারম্যান শেখ হাসিনার মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে কোনও নেতাকে। যিনি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রেখে সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবেন। এই ব্যাপারে রাজনৈতিক প্রজ্ঞার পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তি এবং দলে গ্রহণযোগ্যতার বিষয়টিকে বিবেচনায় রাখা হচ্ছে। আওয়ামী লিগের একটি সূত্রের খবর, এইসব সিদ্ধান্ত প্রকাশ্যে জানিয়ে দেওয়া হতে পারে।
হাসিনার নির্দেশে ইতিমধ্যে বাংলাদেশে আওয়ামী লিগ এবং তাদের অঙ্গসংগঠনে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে নিষ্ক্রিয় কমিটিগুলিকে সক্রিয় করা হচ্ছে নতুন সদস্যদের যুক্ত করে। এই ব্যাপারে শেখ হাসিনার নির্দেশ হল যারা জেল, অত্যাচার, মোকাবিলা করছে এবং এলাকায় মাটি কামড়ে পড়ে থেকে বিএনপি-জামাতের সন্ত্রাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাদেরকে নেতৃত্বের সামনে সারিতে আনার পরিকল্পনা নিয়েছেন। এমনকি সদ্য গঠিত নতুন কমিটিগুলিতে এমন নেতাদের নাম রয়েছে যাদের অনেকেই জেলে আছেন অথবা জামিনে মুক্ত।
সূত্র বলছে, হাসিনা ডেকে পাঠিয়েছেন আওয়ামী লিগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপ-কমিটির সদস্য রোকেয়া প্রাচীকে। তিনি বেশ কয়েক মাস হল ভারতে অবস্থান করছেন। আওয়ামী লিগের হয়ে রাজনৈতিক প্রচারে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই নেত্রী, যিনি পেশাগতভাবে একজন স্বনামধন্য অভিনেত্রী।
দিল্লি গিয়েছেন আওয়ামী লিগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের কন্যা এস আমরিন রাখীও। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লিগের মা ও শিশু বিষয়ক সম্পাদক। সূত্রের খবর, দিল্লি গিয়েছেন মহিলা আওয়ামী লিগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারুই এবং খাগড়াঝড়ি জেলা পরিষদের চেয়ারম্যান অপু।
শেখ হাসিনা ইতিমধ্যে প্রায় শ-দুয়েক নেতার সঙ্গে দেখা করেছেন। লন্ডন এবং আমেরিকা প্রবাসী আওয়ামী লিগ নেতারাও নেত্রীর সঙ্গে দেখা করেছেন।
(Feed Source: zeenews.com)
