)
Keu bole biplobi keu bole dakat release date: দুই সুপারস্টারের ছবি একই দিনে এলে ব্যবসায় প্রভাব পড়তে পারে এবং একই সঙ্গে একই দিনে একই প্রযোজনা সংস্থার দুটো ছবি কীভাবে মুক্তি পেতে পারে, সেটার জন্যই আপাতত পিছিয়ে গেল দেব অভিনীত ছবিটির মুক্তি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউড বক্স অফিসে স্বাধীনতা দিবসের মহাযুদ্ধের যে আবহ তৈরি হয়েছিল, তাতে নাটকীয় মোড়! বড়পর্দায় দুই সুপারস্টার দেব ও জিতের মেগা টক্কর আর হচ্ছে না। ১৪ অগাস্ট একই দিনে দুই তারকার ছবি মুক্তির কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই লড়াই থেকে পিছিয়ে এলেন দেব। গত বছর নিজের জন্মদিনেই নতুন ছবির ঘোষণা করেছিলেন দেব। সেই ছবির নাম ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। ঘোষণার পর একে একে প্রকাশ্যে আসে পোস্টার, মুক্তির দিনও জানানো হয়। ঠিক হয়েছিল, চলতি বছরের ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ফলে আগামী ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে একছত্র রাজত্ব করতে নামছেন সুপারস্টার জিৎ।
পদ্মশ্রী করিমুল হকের জীবন অবলম্বনে তৈরি দেবের বহুপ্রতীক্ষিত ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ স্বাধীনতা দিবসের প্রাক্কালে, অর্থাৎ ১৪ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে খোদ দেব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পিছিয়ে যাওয়ার ঘোষণা করেছেন। অভিনেতা-প্রযোজক দেব লিখেছেন, “সব যাত্রার একটা নিজস্ব সঠিক সময় থাকে। ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ যাতে আপনাদের কাছে একদম সঠিকভাবে পৌঁছাতে পারে, তাই আমরা এই মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।” সূত্রের খবর, ছবির পোস্ট প্রোডাকশনের কিছু কাজ বাকি থাকার কারণেই এই সিদ্ধান্ত।
১৪ অগাস্ট ময়দানে একাই জিৎ
দেব পিছিয়ে যেতেই ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য তৈরি জিৎ! অবশেষে প্রকাশ্যে এল তাঁর আগামী মেগা প্রজেক্ট ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর নতুন পোস্টার এবং মুক্তির অফিশিয়াল তারিখ। আগামী ১৪ অগাস্ট, স্বাধীনতা দিবসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে এই ছবি। ১৯৬০ দশকের কলকাতার পটভূমিতে তৈরি এই ঐতিহাসিক থ্রিলারে জিৎকে দেখা যাবে বিপ্লবী অনন্ত সিং-এর চরিত্রে। ছবিতে জিতের পাশাপাশি টোটা রায় চৌধুরী, কৌশিক সেন ও প্রিয়াঙ্কা সরকারের মতো হেভিওয়েট অভিনেতাদের দেখা মিলবে। পথিকৃৎ বসু ছবিটির পরিচালনা করেছেন। জিৎ ফিল্মস ওয়ার্কস এবং নন্দী মুভিজের তরফে ছবিটির প্রযোজনা করা হয়েছে। শান্তনু মৈত্র ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন। সোমনাথ কুণ্ডু ছিলেন রূপটান শিল্পী হিসেবে।
টলি-মহলের অন্দরের খবর, বক্স অফিসে মুখোমুখি সংঘর্ষ এবং ব্যবসার ক্ষতি এড়াতেই দুই তারকার প্রযোজনা সংস্থা এই সমাঝোতার পথ বেছে নিয়েছে। আপাতত দেবের ছবি পিছিয়ে যাওয়ায় আগামী ১৪ অগাস্ট জিতের ‘বিপ্লবী’ আখ্যান দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা।
(Feed Source: zeenews.com)
