অয়ন ঘোষাল: দেশের চাকরিজীবীদের জন্য সুখবর। সাধারণ ব্যাঙ্কিং পরিষেবাকে আরও আধুনিক করতে এবার বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ (EPF) পরিষেবাকে পুরোপুরি কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ জুলাই থেকে কোর ব্যাঙ্কিংয়ের আদলে এই নতুন সেন্ট্রালাইজড ইপিএফ পরিষেবা চালু হতে যাচ্ছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য নিজেই এই বড় ঘোষণার কথা জানিয়েছেন।
নতুন এই ব্যবস্থা চালুর পাশাপাশি কর্মীদের জন্য আরও একটি বড় ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই দেশের প্রতিটি চাকরিজীবীর ইপিএফ অ্যাকাউন্টে ২০২৫-২০২৬ আর্থিক বছরের সুদের টাকা জমা পড়ে যাবে। এবার সুদের হার ধার্য করা হয়েছে ৮.২৫ শতাংশ। সবচেয়ে স্বস্তির বিষয় হল, এই সুদের পুরো টাকাটি সরাসরি কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড দফতর থেকেই কর্মীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
এতদিন ইপিএফ-এর বিভিন্ন আঞ্চলিক দফতরের মাধ্যমে এই কাজগুলো পরিচালনা করা হতো, যার ফলে অনেক সময় টাকা জমা পড়তে দেরি হত। কিন্তু নতুন সেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত ব্যবস্থা চালু হওয়ার ফলে, দেশের যেকোনো প্রান্ত থেকে খুব সহজেই এবং দ্রুত ইপিএফ অ্যাকাউন্ট পরিচালনা করা যাবে। এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা স্থানান্তরের মতোই দ্রুত পিএফ অ্যাকাউন্টের কাজ সম্পন্ন হবে।
কাগজের কাজ এবং অ্যাকাউন্ট স্থানান্তরের জটিলতা অনেকটাই কমে যাবে। কেন্দ্রীয় সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশের কোটি কোটি চাকুরিজীবী সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
(Feed Source: zeenews.com)