)
দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। দেশের ফুটবল সংস্কৃতি বদলে দিতেই হেড কোচ হিসেবে নিয়োগ করল দেশের কিংবদন্তি ফুটবলারকে। এবার ফোরলান হটসিটে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবার বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের গণ্ডিই টপকাতে পারেনি। ১৯৩০ ও ১৯৫০ সালের লাতিন আমেরিকার কাপজয়ী দেশের বিদায়ের পরেই হেডকোচের দায়িত্ব ছাড়েন মার্সেলো বিয়েলসা। আর এবার ‘লা সেলেস্তে’র অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন সেই দেশেরই কিংবদন্তি দিয়েগো ফোরলান। এমনটাই জানিয়েছে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন।
উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার ফোরলান। কিংবদন্তির পরনে ছিল ১০ নম্বর জার্সি। ২০১০ বিশ্বকাপে জাবুলানি বলে খেলতে যেখানে সবাই হিমশিম খেয়েছিল, সেখানেই ফোরলান ৫ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। সোনালি চুলের ফোরলান ২০১৬ সালে ইন্ডিয়ান সুপার লিগও মাতিয়ে ছিলেন। ওই এক মরসুমই তিনি খেলেছেন ভারতীয় ফুটবলে। মুম্বই সিটি এফসি-র হয়ে ১২ ম্য়াচে ৫ গোল করেছিলেন ফোরলান। ক্লাব পর্যায়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইন্টারন্যাসিওনালের হয়ে ফোরলান দারুণ সময় কাটিয়েছেন। নিখুঁত ফিনিশিং, জোরালো শট, বহুমুখী দক্ষতা ও নেতৃত্বের গুণের মাধ্যমে তিনি নিজের প্রজন্মের অন্যতম সেরা ও পূর্ণাঙ্গ ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
সামনে বড় দায়িত্ব
উরুগুয়ে জাতীয় দল এবার ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। ৪৭ বছর বয়সী কিংবদন্তি প্রাক্তন স্ট্রাইকার তাঁর কোচিং কেরিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন। এমন এক জাতীয় দলকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব তাঁর কাঁধে, যারা অনেক প্রত্যাশা নিয়েই বিশ্বকাপে অংশ নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সাম্প্রতিক সময়ের অন্যতম হতাশাজনক পারফরম্যান্সই উপহার দিয়েছে। ২০১৪ সালে ফোরলান আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বলেছিলেন। দেশের জার্সি ছাড়লেও ফোরলান পেশাদার ফুটবল আরও চার বছর খেলেছিলেন। খেলা ছাড়ার পর নিজের দেশেরই চার ক্লাবে কোচিং করিয়েছেন। তবে সিনিয়র জাতীয় দলের দায়িত্ব এই প্রথম।
হতশ্রী অবস্থা উরুগুয়ের
স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরবের পিছনে থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে উরুগুয়ে তাদের গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছিল চলতি বিশ্বকাপে। টুর্নামেন্ট শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই আর্জেন্টাইন কোচ বিয়েলসা পদত্যাগ করেছিলেন। উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে যে, ফোরলানের প্রাথমিক চুক্তির মেয়াদ ২০২৭ সালের মার্চ পর্যন্ত বলবত্। সেই সময়সীমা শেষে ফেডারেশন তাঁর পারফরম্যান্স পর্যালোচনা করবে এবং এরপর সিদ্ধান্ত নেবে যে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হবে, নাকি পরবর্তী বিশ্বকাপ চক্রের জন্য নতুন কোনও হেডকোচ নিয়োগ করা হবে।
সিনিয়র জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পাশাপাশি, ফোরলান উরুগুয়ের অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হেডকোচের দায়িত্বও পালন করবেন। এই দলটি ২০২৭ সালের সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। যে টুর্নামেন্ট দেশের পরবর্তী প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোরলানের এই নিয়োগের পিছনে রয়েছে গভীর প্রতীকী তাৎপর্য। উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ব্যাপক ভাবে স্বীকৃত এই প্রাক্তন স্ট্রাইকার ছিলেন সেই প্রজন্মের মূল চালিকাশক্তি, যারা ‘লা সেলেস্তে’-কে পুনরায় বিশ্বমঞ্চের পাদপ্রদীপের আলোয় ফিরিয়ে এনেছিল।
(Feed Source: zeenews.com)
