প্রকাশিত হল NEET (UG) ২০২৬-এর ফল। পরীক্ষায় ১১.২১ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বাংলার মধ্যে শীর্ষে রয়েছেন সব্যসাচী লষ্কর (AIR 35), আর সর্বভারতীয় মেধা তালিকায় প্রথম হয়েছেন পাঞ্জাবের আরিয়ান গুপ্তা।
প্রকাশিক NEET UG-এর ফলাফল
নয়াদিল্লিঃ প্রকাশিত হল NEET (UG) ২০২৬ পরীক্ষার ফল। বৃহস্পতিবার ফল ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। দ্বিতীয়বার পরীক্ষার প্রায় এক মাসের মধ্যেই ফল প্রকাশ করা হল। এবারের NEET (UG) পরীক্ষায় মোট ১১.২১ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
বাংলার মধ্যে সর্বোচ্চ স্থান অর্জন করেছেন সব্যসাচী লষ্কর। সর্বভারতীয় মেধা তালিকায় তাঁর র্যাঙ্ক ৩৫। অন্যদিকে, সর্বভারতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন পাঞ্জাবের আরিয়ান গুপ্তা।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা এনটিএ-র নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্কোরকার্ড ও র্যাঙ্ক দেখতে পারবেন। এবারের ফল প্রকাশের পর মেডিক্যাল কলেজে ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া শীঘ্রই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এনটিএ-র প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ৫৮ শতাংশেরও বেশি মহিলা। এছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের অধিকাংশের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। মোট ১৩৮ জন পরীক্ষার্থী ৭২০-এর মধ্যে ৬৯০-এর বেশি নম্বর পেয়েছেন। তাঁদের মধ্যে ৯৩ শতাংশেরও বেশি প্রথমবারের মতো NEET UG পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং প্রায় ৯৯ শতাংশের বয়স ১৭-১৯ বছরের মধ্যে।
এবারের পরীক্ষায় দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন। রাজ্যভিত্তিক হিসেবে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি, ১.৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে লক্ষদ্বীপ থেকে ৪৩ জন পরীক্ষায় সফল হয়েছেন।
সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৩৮ জন পরীক্ষার্থী দেশের ৬৬টি শহর থেকে এসেছেন, যা দেশের বিভিন্ন প্রান্তে মেধার বিস্তারকে তুলে ধরেছে। ৭০৫-এর বেশি নম্বর পাওয়া শীর্ষ ১৭ জন পরীক্ষার্থী এসেছেন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং তেলঙ্গানা—এই আটটি রাজ্য থেকে।
উল্লেখ্য, NEET UG হল দেশের বৃহত্তম মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে এমবিবিএস (MBBS), বিডিএস (BDS), আয়ুষ এবং একাধিক সহযোগী স্বাস্থ্যবিজ্ঞান কোর্সে ভর্তি নেওয়া হয়। প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে প্রথম দফার পরীক্ষা বাতিল করা হয়েছিল। পরে ২১ জুন পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পুনঃপরীক্ষার এক মাসেরও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করল এনটিএ।
(Feed Source: news18.com)