
NEET UG 2026 Result: NEET UG ২০২৬ পরীক্ষা বাতিলের ধাক্কা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন মালদহের রাজবীর দত্ত। রি-NEET পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে তিনি অল ইন্ডিয়া র্যাঙ্ক (AIR) ৮৭১ পেয়েছেন। এবার তাঁর লক্ষ্য দেশের অন্যতম সেরা চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান AIIMS-এ ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা।
এক সময় নিট পরীক্ষা বাতিল হওয়ার পর ডাক্তার হওয়ার স্বপ্ন প্রায় ভেঙেই গিয়েছিল। অনিশ্চয়তা আর হতাশার সেই কঠিন সময় পেরিয়ে অবশেষে রি-নিট পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করে সকলকে চমকে দিলেন মালদহের রাজবীর দত্ত। রি-নিট পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৬৬০ নম্বর পেয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক ৮৭১ অর্জন করেছে সে। পাশাপাশি মালদহ জেলায় সম্ভাব্য প্রথম স্থানও অধিকার করেছে রাজবীর। প্রথমবার নিট পরীক্ষায় অংশ নিয়েই এই সাফল্য তাঁর।
ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মকদুমপুর এলাকার বাসিন্দা ১৯ বছরের রাজবীর দত্ত ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। শহরের একটি বেসরকারি বিদ্যালয় থেকে আইসিএসই বোর্ডে মাধ্যমিক এবং সিবিএসই বোর্ডে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জেলার মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করে। রাজবীরের বাবা উজ্জ্বল দত্ত পেশায় স্কুল শিক্ষক এবং মা বিনদা দত্ত গৃহবধূ।
একাদশ শ্রেণি থেকেই নিট পরীক্ষার প্রস্তুতি শুরু করে রাজবীর। বড় কোনও কোচিং প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে বাড়িতে বসেই অনলাইন ক্লাসের মাধ্যমে প্রস্তুতি নেয়। নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস এবং অধ্যবসায়ই ছিল তাঁর সাফল্যের মূল চাবিকাঠি। সম্প্রতি অনুষ্ঠিত রি-নিট পরীক্ষায় সেই পরিশ্রমেরই ফল মিলেছে।
নিজের সাফল্য প্রসঙ্গে রাজবীর দত্ত বলেন, “ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু নিট পরীক্ষা বাতিল হওয়ার পর মনে হয়েছিল সেই স্বপ্ন হয়তো আর পূরণ হবে না। খুব ভেঙে পড়েছিলাম। পরে আবার রি-নিট পরীক্ষার সুযোগ পাই। সেখানে ভাল ফল করতে পেরে খুবই আনন্দিত। অল ইন্ডিয়া ৮৭১ র্যাঙ্ক হয়েছে। আমার লক্ষ্য এইমসে পড়াশোনা করা। কাউন্সেলিংয়ের মাধ্যমে সেই সুযোগ পাব বলেই আশা করছি।”
ছেলের এই অসাধারণ সাফল্যে আনন্দে আত্মহারা পরিবার। রাজবীরের বাবা উজ্জ্বল দত্ত বলেন, “পড়াশোনায় রাজবীর বরাবরই অত্যন্ত মনোযোগী। আইসিএসই মাধ্যমিকে ৯৮.৬ শতাংশ এবং সিবিএসই উচ্চমাধ্যমিকে ৯৪.৪ শতাংশ নম্বর পেয়ে জেলায় প্রথম হয়েছিল। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সমান আগ্রহ ছিল। কখনও রাত জেগে পড়ার প্রয়োজন পড়েনি। নিজের পরিকল্পনা অনুযায়ী নিয়মিত পড়াশোনা করেই আজ এই সাফল্য অর্জন করেছে। ওকে একজন দক্ষ সার্জন হিসেবে দেখতে চাই।”
রাজবীরের এই কৃতিত্বে খুশির আবহ তৈরি হয়েছে গোটা মকদুমপুর এলাকায়। আত্মীয়-স্বজন, শিক্ষক, বন্ধু ও প্রতিবেশীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে প্রতিকূল পরিস্থিতিকেও জয় করা যায়, রাজবীর দত্তের এই সাফল্য যেন সেই বার্তাই নতুন করে তুলে ধরল। এবার তার স্বপ্নের গন্তব্য দেশের অন্যতম সেরা চিকিৎসা প্রতিষ্ঠান এইমস, আর সেই স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে চলেছে মালদহের এই কৃতী ছাত্র।
(Feed Source: news18.com)
