
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, প্রায় ৩৪ কোটি সদস্যের অ্যাকাউন্টে মোট ১.৪৪ লক্ষ কোটি টাকার সুদ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ফলে, সব সদস্যদের অ্যাকাউন্টে একসঙ্গে সুদ জমা না পড়ে ধাপে ধাপে সুদ জমা হবে।
কিন্তু আপনার সুদ জমা হয়েছে কি না, সেটা আপনি কীভাবে জানতে পারবেন? EPFO Member Passbook Portal-এ ১২ সংখ্যার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ-ইন করতে হবে। আধার-সংযুক্ত মোবাইল নম্বরে OTP যাচাইয়ের পর Passbook Lite-এ গিয়ে সাম্প্রতিক জমা, কত টাকা তোলা হয়েছে ও অ্যাকাউন্টের বর্তমান ব্যালান্স দেখা যাবে।
এ ছাড়াও UMANG অ্যাপের মাধ্যমেও ইপিএফ ব্যালান্স, মাসিক জমার তথ্য ও বিভিন্ন পরিষেবা ব্যবহার করা সম্ভব। UAN লিঙ্ক করার পর সহজেই অ্যাকাউন্টের সমস্ত তথ্য দেখা যাবে। আর যদি কেউ ইন্টারনেট ব্যবহার করতে না চাইলে SMS পরিষেবার মাধ্যমেও তথ্য জানা যায়। UAN সক্রিয় থাকলে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে 7738299899-তে ‘EPFOHO’ স্পেস দিয়ে UAN লিখে একটা SMS পাঠালেই আপনার সর্বশেষ প্রভিডেন্ট ফান্ড ব্যালান্স ও কত টাকা জমা পড়েছে, সেই তথ্য পাওয়া যাবে।
অনেক সদস্যের মনেই প্রশ্ন থাকে যে সুদ জমা পড়তে দেরি হলে কোনও সমস্যা হবে কি না। EPFO জানিয়েছে, EPF Scheme, 1952-এর ৬০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মাসভিত্তিক চলতি ব্যালান্সের উপর সুদ গণনা করা হয়। তাই অ্যাকাউন্টে সুদ দেখাতে কিছুটা সময় লাগলেও সদস্যদের কোনও আর্থিক ক্ষতি হয় না এবং প্রাপ্য সুদ সম্পূর্ণভাবেই তাঁদের অ্যাকাউন্টে জমা হয়।
(Feed Source: abplive.com)
