একটানা ভারী বৃষ্টিপাত, সুড়ঙ্গের ভিতরের অস্থিতিশীল পরিস্থিতি এবং ধসের পর সম্ভাব্য গ্যাস লিকের কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। উদ্ধার অভিযানের সময় কয়েকজন উদ্ধারকারীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
সিকিমের তিস্তা প্রজেক্টে ‘ডেথ ট্র্যাপ’ (Photo Courtesy: ANI)
আবির ঘোষাল, কলকাতা: সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা । দক্ষিণ সিকিমের নামচি জেলার অন্তর্গত তিস্তা স্টেজ ৬ জলবিদ্যুৎ প্রকল্পের সমরডুং টানেল বা সুড়ঙ্গে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণ ও তার জেরে নেমে আসা ধসে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা এলাকা । ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের । পাশাপাশি সুড়ঙ্গের মুখ সম্পূর্ণ বুজে গিয়ে ভিতরে আটকে পড়েছেন অন্তত ২৭ জন ৷ প্রশাসনের একটি অংশ মনে করছে এই সংখ্যাটা আরও বেশি । এই ২৭ জনের মধ্যে ১৯ জন নির্মাণ শ্রমিক, দু’জন ইঞ্জিনিয়ার এবং এনএইচপিসির ৬ আধিকারিক ছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
সিকিমের নামথাং বিধানসভা কেন্দ্রের সামারদুং-ঝুলুঙ্গে এলাকার তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পে ২০ জুলাই ২০২৬, দুপুর প্রায় ১২টা নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এনএইচপিসি (NHPC)-র অধীনে প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রকল্পটির নির্মাণকাজ পরিচালনা করছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রকল্পের প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভিতরে পরিদর্শনের সময় এই দুর্ঘটনা ঘটে। সামারদুং (থালথালে–সিরওয়ানি) দিক থেকে প্রায় ৩ কিলোমিটার ভিতরে হঠাৎ বড়সড় ধস নামে। সেই সময় সুড়ঙ্গের ভিতরে এনএইচপিসির ৬ জন আধিকারিক, প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের ১২ জন আধিকারিক, একাধিক ইঞ্জিনিয়ার, প্রযুক্তিগত কর্মী ও শ্রমিক উপস্থিত ছিলেন। অনুমান করা হচ্ছে, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভিতরে মোট ২৫ জন বা তারও বেশি ব্যক্তি ছিলেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সকাল পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও ১৮ জনেরও বেশি ব্যক্তি সুড়ঙ্গের ভিতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও সঠিক সংখ্যা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।
বর্তমানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সিকিম পুলিশ, দমকল ও জরুরি পরিষেবা, জেলা প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছেন এবং সংশ্লিষ্ট সমস্ত দফতরের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধারকাজে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা প্রত্যেককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে—এই আশাতেই চলছে নিরলস উদ্ধার অভিযান।
(Feed Source: news18.com)