
ভারতের হয়ে অন্তিম ম্যাচের জল্পনার মাঝেই রোহিত শর্মা লর্ডসে প্রথম ভারতীয় হিসাবে ওয়ান ডেতে শতরান হাঁকিয়েছেন ‘হিটম্যান’। ১১০ বলে ১৩৮ রানের ইনিংস খেলেন তিনি। অশ্বিনের মতে রোহিত যদি সঠিক মানসিকতায় খেলতে পারতেন, তাহলে তিনি ভারতকে ব্যাট হাতে ম্যাচ জেতাতে পারতেন। তাঁর দাবি, ‘এটা দুরন্ত ইনিংস ছিল। ও জশ টাঙের বিরুদ্ধে দুরন্ত পুল শটটা মারার পরেই বুঝে গিয়েছিলাম বড় ইনিংস আসতে চলেছে। আমার মনে হচ্ছে এটা খানিকটা ওর চোট সারিয়ে ফেরার পথের শুরু। ও যদি মানসিকভাবে ভাল জায়গায় থাকত, যদি আরেকটু আত্মবিশ্বাসী হত, তাহলেই ১৮০ মতো রান করে ভারতকে ম্যাচ জিতিয়ে দিত।’
তিনি আরও দাবি করেন, ‘আমার মতে রোহিত খুব, খুব ভাল ফর্মে ছিল। তবে এখানে দুইটি জিনিস বলব। পিচটা রান করার জন্য শক্ত ছিল। কেএল রাহুল, বিরাট কোহলি, রোহিত, সকলেই যখন খেলছিল, তখন ওদের দেখে আমার মনে হচ্ছিল ওরা খানিকটা দ্বিধায় ভুগছিল। বিষয়টা বুঝতে পারছেন তো?’
লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্যাচশেষে তাঁর ভবিষ্যৎ ঘিরে প্রবল জল্পনা নিয়ে বিস্ফোরক দাবি করেন রোহিত শর্মা নিজেও। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার কাজ ভাল ব্যাটিং করা, দেশের প্রতিনিধিত্ব করা। যবে থেকে আমি অভিষেক ঘটিয়েছি, তবে থেকেই বাইরের বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। যতক্ষণ আমি এখানে আছি, এসব চলতেই থাকবে। আমার কাছে এগুলি কোনও গুরুত্ব রাখে না। যেটা গুরুত্ব রাখে তা হল আমি মাঠে কী করি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি, আমার দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করি। এখন আমি শুধু এই দিকেই মনোযোগ দিচ্ছি। আর এই বাইরের কথাবার্তাগুলো চলুক, এগুলো না হলে তো মজাই হবে না। আমার কাজ মাঠের ভেতরে আর বাকিদের মাঠের বাইরে।’
অর্থাৎ স্পষ্টভাবেই ব্যাটে সমালোচকদের জবাব দেওয়ার পর মুখেও তাদের এক হাত নেন রোহিত শর্মা। এরপর দেখার তাঁর ভবিষ্যৎ ঘিরে জল্পনা আদৌ সত্যি না কি কেবল জল্পনা হিসাবেই থেকে যায়। এরপরে সেই সেপ্টেম্বরে ভারতের পরবর্তী ওয়ান ডে ম্য়াচ। সেই ম্যাচে রোহিত খেলবেন কি না, সেটাই দেখার।
(Feed Source: abplive.com)
