জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরান-আমেরিকার সংঘাত থামার নাম নেই। এদিকে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। হরমুজ প্রণালীর পর এবার টার্গেট লোহিত সাগর (Red Sea)। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে লেবাননের হুথিদের লোহিত সাগর বন্ধ করার আবেদন জানাল তেহরান। এই জলপথও বন্ধ হয়ে গেলে গোটা বিশ্বই মহা সঙ্কটে পড়বে।
ইরান-আমেরিকার সংঘাত চলছেই। ভেঙেছে শান্তি চুক্তি। এর জেরে ফের উত্তপ্ত হয়েছে ইরান-আমেরিকা, উত্তপ্ত হয়েছে বাকি বিশ্ব। ইরানের রেল স্টেশন থেকে শুরু করে বিমানবন্দর, বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে আমেরিকা। সাতজনের মৃত্যুর খবর মিলেছে। এদিকে, ইরানের রেভেলিউশনারি গার্ডও হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজে আক্রমণ করছে।
কিন্তু এতেই সম্ভবত থামছে না ইরান। যুদ্ধের আঁচ বাড়তেই এবার ইরানের নয়া পরিকল্পনা। কী সেই নতুন প্ল্যান? শোনা যাচ্ছে, হরমুজের পর তারা এবার লোহিত সাগরও বন্ধ করে দিতে চাইছে। মূলত ইউরোপের জ্বালানি সরবরাহ বিপর্যস্ত করতেই লোহিত সাগর বন্ধের এই নয়া পরিকল্পনা ইরানের।
লক্ষ্য ইউরোপ হলেও এই পরিকল্পনা নিয়ে উদ্বেগে নয়া দিল্লিও। কারণ যুদ্ধের আঁচ লোহিত সাগর, সুয়েজ প্রণালী বা ক্যানালে ছড়ালে তা নিয়ে ভারতের উদ্বেগ বাড়বেই। ভারত থেকে ইউরোপে জলপথ যোগাযোগে সবথেকে সংক্ষিপ্ত রুট এই লোহিত সাগরই। তাই চিন্তা তো থাকবেই। এবং থাকছেও।
এই রুট বন্ধ হলে ইউরোপ থেকে ভারতের আমদানি ধাক্কা খাবে। সরাসরি প্রভাব পড়বে ভারতের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন ইউনিটে। ইউরোপ থেকে প্রচুর পরিমাণ বিভিন্ন শিল্প যন্ত্রাংশ আমদানি করে ভারত। সেক্ষেত্রে ভারতের শিল্পক্ষেত্রে বড় ধাক্কা লাগতে পারে। ফলে দামও বাড়তে পারে শিল্প যন্ত্রাংশের।
(Feed Source: zeenews.com)