)
Arijit Singh in support of Students: “ছাত্রদের মারধর করছেন, লজ্জা করে না?” শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রুখে দাঁড়ালেন গায়ক অরিজিৎ সিং! নেতা-মন্ত্রীদের কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি দেশের শিক্ষা মন্ত্রকের ইমেল আইডি শেয়ার করে সাধারণ মানুষকে অধিকার আদায়ের জন্য চিঠি লেখার আহ্বান জানালেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামাজিক এবং রাজনৈতিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে তারকাদের মুখ খোলা নতুন ঘটনা নয়, তবে সেই কণ্ঠ যদি হয় অরিজিৎ সিংয়ের হয়, তবে তার প্রভাব যে সুদূরপ্রসারী, তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ জীবনযাপন এবং শান্ত-পরিমার্জিত স্বভাবের জন্য পরিচিত বিশ্বখ্যাত গায়ক মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন অন্যরূপে। দিল্লিতে সম্প্রতি ছাত্র-ছাত্রীদের ওপর ঘটে যাওয়া লাঠিচার্জের ঘটনার বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন তিনি। তাঁর এক্স হ্যান্ডেলে তীব্র ক্ষুব্ধ বার্তা পোস্ট করে কার্যত নেতা মন্ত্রীদের হুমকি দিলেন অরিজিত্। একই সঙ্গে দেশের নেতা, মন্ত্রী এবং প্রশাসনকে কাঠগড়ায় তুলে কঠোর ভাষায় প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে অরিজিৎ সিং লেখেন, “এবার তো আপনারা এখানে ছাত্র-ছাত্রীদের মারধরও করছেন। আপনাদের কি একটুও লজ্জা করছে না?” গায়কের এই ক্ষোভ সাময়িক কোনও অসন্তোষের ফল নয়, বরং সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের ওপর ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে এক পুঞ্জীভূত ক্ষোভের বহির্প্রকাশ, বলেই অনুমান নেটপাড়ার।
নিজের পোস্টে দেশের রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনকে সরাসরি নিশানা করেছেন অরিজিৎ। তিনি লেখেন, “হ্যালো নেতা, মন্ত্রী !! এসব কী চলছে ভাই!! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন নাকি…?” পাওয়ার বা ক্ষমতার অপব্যবহার নিয়ে বরাবরই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি কাজ করে। দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সেই সাধারণ মানুষের সুরেই প্রশ্ন তুলেছেন অরিজিৎ। প্রশাসন যেভাবে আন্দোলনরত বা প্রতিবাদী শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, তাকে কড়া ভাষায় আক্রমণ করে গায়ক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন—জনপ্রতিনিধিদের ক্ষমতা চিরস্থায়ী নয় এবং তাঁরা জনগণের ঊর্ধ্বে নন।

তীব্র হুশিয়ারির সুরে তিনি লেখেন, “সবকিছু মনে রাখা হবে! হর হর মহাদেব! মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র চিরন্তন সত্য!” শুধু প্রতিবাদ নয়, প্রতিবাদের পথও দেখালেন গায়ক। অরিজিৎ সিং কেবল ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত হননি, সাধারণ মানুষকে সঠিক ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর একটি সুস্পষ্ট পথও দেখিয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রকের অফিশিয়াল ইমেল আইডি (minister.edu@gov.in) তাঁর পোস্টে শেয়ার করেন।
ইমেল আইডিটি শেয়ার করে গায়ক লেখেন, “এখানে একটা ইমেইল পাঠিয়ে আপনার মতামত জানান এবং আমাদের কী অধিকার, তা জানতে চান। আমরা সবসময় শিক্ষা মন্ত্রালয়ে লিখতে পারি।” সোশ্যাল মিডিয়ায় শুধু ট্রোলিং বা ফাঁকা পোস্ট না করে কীভাবে সরাসরি সরকারি ব্যবস্থার কাছে নিজেদের অধিকার নিয়ে প্রশ্ন তোলা যায়, অরিজিৎ তা তরুণ সমাজকে মনে করিয়ে দিয়েছেন। সাধারণ মানুষকে নিজ অধিকার সম্পর্কে সচেতন করার এই উদ্যোগ নেটপাড়ায় ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে।
উল্লেখ্য, এই প্রথম নয়; গত কয়েকদিন ধরেই সামাজিক বিভিন্ন ইস্যুতে সরব রয়েছেন গায়ক। ঠিক ৫ দিন আগেও একটি পোস্টে তিনি লিখেছিলেন, ” সোনম ওয়াংচুক স্যার আপনাকে অনেক শক্তি, আপনার জন্য রইল ভালোবাসা এবং প্রার্থনা!”
বারংবার তরুণ সমাজ ও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানোয় সাধারণ নেটিজেন ও অনুরাগীদের কাছে অরিজিতের জনপ্রিয়তা এক অন্য মাত্রায় পৌঁছেছে। অনেকে মন্তব্য করেছেন, ‘অরিজিৎ কেবল একজন প্রখ্যাত শিল্পী নন, তিনি সমাজের সচেতন নাগরিক এবং তরুণদের প্রকৃত কণ্ঠস্বর।’ দেশের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা তাঁর এই পোস্টকে সমর্থন জানিয়ে বার্তা দিচ্ছেন। এখন দেখার বিষয়, অরিজিতের এই প্রত্যক্ষ ক্ষোভ প্রকাশের পর শিক্ষা মন্ত্রক বা রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া আসে কিনা।
(Feed Source: zeenews.com)
