এত বড় বদল! দলেই বাইরে একসঙ্গে ৬ তারকা! খেলবেন কারা? জিম্বাবোয়েকে হাল্কা নেওয়া ঠিক হচ্ছে ভারতের?

এত বড় বদল! দলেই বাইরে একসঙ্গে ৬ তারকা! খেলবেন কারা? জিম্বাবোয়েকে হাল্কা নেওয়া ঠিক হচ্ছে ভারতের?

IND vs ZIM 1st T20: ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত বনাম জিম্বাবোয়ের টি-২০ সিরিজ। ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলে একসঙ্গে হাফ ডজন বদল।

২৩ জুলাই থেকে হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। ভারতীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের খোঁজে থাকা শ্রেয়স আইয়ারের কাছে এই সিরিজ বড় চ্যালেঞ্জ। স্কোয়াডে অভিষেক শর্মা, ঈশান কিষাণ ও ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর মতো তারকা ব্যাটাররা থাকলেও, নতুনত্ব দেখা গেছে দলের বোলিং আক্রমণে। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন অভিজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের পর স্কোয়াডে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ফিনিশার রিঙ্কু সিং দলে ফিরেছেন। পাশাপাশি দীর্ঘ চোটের সমস্যা কাটিয়ে দলে ফিরেছেন পেসার মায়াঙ্ক যাদব, যিনি ২০২৪ সালের অক্টোবরে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এছাড়া প্রথমবারের মতো জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বিদর্ভের স্পিনার হর্ষ দুবে এবং আইপিএলে দুরন্ত পারফর্ম করা উইকেটকিপার-ব্যাটার প্রভসিমরন সিং।

বোলিং বিভাগকে আরও ধারালো করতে আনক্যাপড পেসার অশোক শর্মা এবং যশ ঠাকুরকে প্রথমবারের মতো জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বাদ পড়া খেলোয়াড়দের তালিকা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে অভিজ্ঞ সঞ্জু স্যামসনকে দল থেকে বাদ দেওয়া নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। স্যামসনের সঙ্গে স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিন পেসার—অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা ও হর্ষিত রানা, এবং দুই স্পিন-অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।

ইংল্যান্ড সফর থেকে কেবল ৯ জন খেলোয়াড় নিজেদের স্থান ধরে রাখতে সমর্থ হয়েছেন। তাঁরা হলেন—অধিনায়ক শ্রেয়স আইয়ার, তরুণ বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা, ঈশান কিষাণ, শিবম দুবে, সূর্যংশ শেডগে, প্রিন্স যাদব এবং লেগ-স্পিনার রবি বিষ্ণোই। অভিজ্ঞ ও নতুন মুখের এই মিশেলে জিম্বাবোয়ে বধের জন্য প্রস্তুত হচ্ছে ভারত।

নতুন আর তরতাজা এই পেস ও স্পিন আক্রমণ নিয়ে জিম্বাবোয়ের মাটিতে ভারতের পারফরম্যান্স কেমন হয়, এখন সেটাই দেখার। অধিনায়ক শ্রেয়স আইয়ারের জন্য যেমন এটি নতুন চ্যালেঞ্জ, তেমনই তরুণ ক্রিকেটারদের জন্যও জাতীয় দলে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ হতে যাচ্ছে এই সিরিজ।

জিম্বাবোয়ে সিরিজের জন্য ভারতের স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শিবম দুবে, সূর্যংশ শেডগে, রিঙ্কু সিং, হর্ষ দুবে, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, ময়ঙ্ক যাদব, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), রবি বিষ্ণোই।

এর আগের ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের স্কোয়াড শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), বৈভব সূর্যবংশী, তিলক বর্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, সূর্যংশ শেডগে, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদব, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।

(Feed Source: news18.com)