)
CJP Protest: নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন জিৎ, রূপম ইসলাম ও অঞ্জন দত্তরা। এটাকে রাজনৈতিক ফায়দা তোলার মাধ্যম না বানিয়ে স্বচ্ছ বিচারের দাবি জানান জিৎ। রূপম তাঁর ‘সংহতি জানাই’ গান শেয়ার করে সমর্থন জানান, আর অঞ্জন দত্ত শিক্ষার্থীদের অহিংস ও সাংবিধানিক লড়াইকে কুর্নিশ জানিয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির অভিযোগে রাজধানী দিল্লির যন্তর মন্তরে গর্জে উঠেছে শিক্ষার্থী সংগঠন ‘ককরোচ পার্টি-র শিক্ষার্থীরা। দেশের তরুণ প্রজন্মের এই ন্যায়সঙ্গত লড়াই ও প্রতিবাদ আন্দোলনের আঁচ এবার এসে পৌঁছল বাংলা বিনোদন জগতেও। নিট কেলেঙ্কারি ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি মুখ খুলে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন টলিউডের সুপারস্টার জিৎ, সঙ্গীতশিল্পী রূপম ইসলাম এবং বর্ষীয়ান সঙ্গীতশিল্পী-পরিচালক অঞ্জন দত্ত।
নিট কাণ্ড নিয়ে দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কড়া বার্তা দিয়েছেন টলিউড সুপারস্টার জিৎ। শিক্ষার মতো মৌলিক অধিকার ও পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। পরীক্ষার্থীদের এই কঠিন লড়াই ও ন্যায়সঙ্গত প্রতিবাদের সঙ্গে আমি সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। কোনও দুর্নীতির কাছে মাথা নত না করে আমাদের এই তরুণদের পাশে দাঁড়ানো উচিত,” এমনটাই লিখে দেশের যুবসমাজ ও পরীক্ষার্থীদের মানসিকভাবে স্যোশাল মিডিয়ায় সাহস জুগিয়েছেন অভিনেতা। অভিনেতার সংযোজন, ‘শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমকে কখনই বিফলে যেতে দেওয়া উচিত নয়। স্বচ্ছ বিচারের যোগ্য দাবিদার। এই মুহূর্তে প্রত্যেককে দায়িত্ববান হতে হবে। এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে রাজনীতিতে ফায়দা তোলার সময় নয়।’
নিজের পুরনো প্রতিবাদের গানে সায় রূপম ইসলামের
অন্য দিকে, শিক্ষার্থীদের এই আন্দোলনকে সুরের মাধ্যমে সমর্থন জানিয়েছেন বাংলা রক সঙ্গীতের আইকন রূপম ইসলাম। দিল্লির যন্তর মন্তরে চলতে থাকা সিজেপি-র অনশন ও আন্দোলনকে সংহতি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পুরনো জনপ্রিয় প্রতিবাদী গান শেয়ার করেছেন রূপম। গানের মাধ্যমেই তিনি বার্তা দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই কখনও স্তব্ধ হতে পারে না। রূপম স্পষ্ট করে দিয়েছেন যে ছাত্রদের যেকোনও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে তিনি সব সময়ই অগ্রভাগে ছিলেন এবং থাকবেন।
বছর আটেক আগে মুক্তি পাওয়া ‘সংহতি জানাই’ গানটির ক্লিপ পোস্ট করেন এদিন রূপম ইসলাম। গানের সেই অংশে রকস্টারকে গাইতে শোনা যায়, ‘ছাত্রেরা বাকস্বাধীনতা চায়, ওঁরা হাঁটে যুক্তির রাস্তায়/ সেই সড়কে অগাধ বিশ্বাস আমার, তাই সংহতি জানাই।’ কেবল ছাত্রদের সমর্থন নয়, একই সঙ্গে প্রশাসনের উদ্দেশ্যে ছিল বার্তা, ‘তুমি লেঠেল পাঠালে প্রশাসক, তুমি বশ্যতা চাও বিরোধীর / জেনে নাও সবাই নয় স্তাবক, ওঁরা আগুন নতুন পংক্তির।’
জাতীয় পুরস্কার পাওয়ার পরেই ছাত্রদের পাশে অঞ্জন দত্ত
সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়া বিশিষ্ট শিল্পী ও পরিচালক অঞ্জন দত্তও মুখ খুলতে পিছপা হননি। পুরস্কৃত হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই জাতীয় স্তরের এই বিতর্ক ও ছাত্র আন্দোলন নিয়ে সোচ্চার হলেন তিনি। অঞ্জন দত্ত জানান, ছাত্রদের এই ক্ষোভ পুরোপুরি যুক্তিসঙ্গত। দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি কোনও রাজনৈতিক রঙ বা স্বার্থ থেকে নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। যন্তর মন্তরের সিজেপি-র ছাত্র আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি প্রশাসন ও সরকারকে শিক্ষার্থীদের দাবি অবিলম্বে বিবেচনা করার আহ্বান জানান।
অঞ্জন দত্ত বলেন, “আমি নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখি। আমি সংবিধানে বিশ্বাস করি এবং এখনও করি। কিন্তু যখন দেখি আমার দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী শিক্ষার মতো একটি পবিত্র বিষয় নিয়ে ন্যায়বিচারের দাবি জানাচ্ছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলছে এবং তা করছে সম্পূর্ণ গণতান্ত্রিক, সাংবিধানিক ও অহিংস উপায়ে, তখন আমাকে তাদের কুর্নিশ করতেই হয়।”
(Feed Source: zeenews.com)
