
E20 Petrol: ইঞ্জিনের ক্ষতি করে না ই২০ পেট্রোল, ২০ শতাংশের বেশি ইথানল মেশানোর পরিকল্পনাও নেই, সংসদে জানাল কেন্দ্র।
E20 জ্বালানি নিয়ে সব থেকে বড় ঘোষণা কেন্দ্রের
নয়াদিল্লি: ই২০ পেট্রোল নিয়ে কেন্দ্রের জরুরি অবস্থান। ই২০ পেট্রোল নিরাপদ, পরিচ্ছন্ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর জ্বালানি বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদে লিখিত জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান, ইথানলবিহীন পেট্রোলে ফেরার কোনও প্রস্তাব নেই। পাশাপাশি, ইথানলের মিশ্রণ ২০ শতাংশের বেশি বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়নি।
সময়ের আগেই পূরণ লক্ষ্য
সরকারের দাবি, ভারত নির্ধারিত সময়ের পাঁচ বছর আগেই ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য পূরণ করেছে। ২০২২-২৩ সালে গড় মিশ্রণ ছিল প্রায় ১২ শতাংশ, ২০২৩-২৪ সালে ১৪.৬ শতাংশ, ২০২৪-২৫ সালে ১৯.২ শতাংশ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে (নভেম্বর-জুন) তা ২০ শতাংশে পৌঁছেছে। ই৮৫ জ্বালানি শুধুমাত্র ফ্লেক্স-ফুয়েল গাড়ির জন্য অনুমোদিত।
