NEET UG Case 2026 NTA: প্রশ্নফাঁস বিতর্কের পর এনটিএ-তে বড় পদক্ষেপ, ৪৭ আধিকারিক বরখাস্ত। ফৌজদারি ব্যবস্থারও প্রস্তুতি।
চাকরি গেল NTA-র ৪৭ আধিকারিকের (ফাইল ছবি)
নয়াদিল্লি: প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-তে বড়সড় প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রকের সূত্রে খবর, সংস্থার ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। দেশের পরীক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতেই একটি ভিডিও বার্তায় কড়া পদক্ষেপের বার্তা দেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করা হবে।’ তারপরই এদিন বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, বরখাস্ত হওয়া কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে। পাশাপাশি আগামী দিনে আরও একাধিক সংস্কারমূলক পদক্ষেপ ঘোষণা করা হতে পারে। প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে এনটিএ-কে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পরই এই ব্যাপক সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা গিয়েছে, আগামী এক মাসের মধ্যে এনটিএ-র সম্পূর্ণ পুনর্গঠন করা হবে। এই প্রক্রিয়ায় সংস্থার আউটসোর্সিং ব্যবস্থা এবং প্রশাসনিক কাজের পদ্ধতিতেও বড় পরিবর্তন আনা হবে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে এই সংস্কার কার্যকর করা হবে। লক্ষ্য, এমন একটি পরীক্ষাব্যবস্থা তৈরি করা, যাতে প্রশ্নফাঁসের মতো ঘটনা রোধ করা যায় এবং পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা আরও জোরদার হয়। বর্তমানে এনটিএ জেইই, নিট, সিইউইটি-সহ ১৫ থেকে ২০টি জাতীয় স্তরের প্রবেশিকা ও নিয়োগ পরীক্ষা পরিচালনা করে।
প্রধানমন্ত্রী গতকাল জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার (ফাস্ট-ট্র্যাক) আদালত গঠন এবং আরও কঠোর শাস্তির বিধান থাকা একটি খসড়া আইন নিয়ে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হবে। চলতি বর্ষাকালীন অধিবেশনেই যত দ্রুত সম্ভব সংসদে এই আইনটি পাস করাতে সরকার সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও দাবি করেন তিনি।
(Feed Source: news18.com)