Vaibhav Sooryavanshi: সবথেকে দ্রুত ১৫০ ছক্কা! বৈভব সূর্যবংশীর সামনে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ

Vaibhav Sooryavanshi: সবথেকে দ্রুত ১৫০ ছক্কা! বৈভব সূর্যবংশীর সামনে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ

Vaibhav Sooryavanshi: সিরিজের প্রথম ম্যাচে টি-২০ ম্যাচে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার সিরিজ পকেটে পোরার লড়াই ভারতের। একইসঙ্গে বৈভবের সামনে নয়া নজির গড়ার সুযোগ।

ইংল্যান্ড সফরের ব্যর্থতা ভুলে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের শুরু থেকেই ছন্দে রয়েছেন বৈভব সূর্যবংশী। ভারতের ১৫ বছর বয়সী তরুণ ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। এই সংক্ষিপ্ততম ফরম্যাটে ইতিমধ্যে ৩৭টি ম্যাচের ৩৭টি ইনিংসে খেলে ১৩৯টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন এই বামহাতি ওপেনার।

জিম্বাবোয়ের বিরুদ্ধে চলতি ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আর মাত্র ১১টি ছক্কা মারতে পারলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০টি ছক্কার মাইলফলক স্পর্শ করবেন বৈভব। এটি সম্ভব হলে তিনি খুব কম বয়সেই বিশ্বের অন্যতম বিধ্বংসী পাওয়ার হিটার হিসেবে নিজের নাম পাকাপাকিভাবে তুলে ধরবেন।

বর্তমানে সবচেয়ে কম ইনিংসে (৬৬টি ইনিংস) ১৫০টি টি-টোয়েন্টি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ডটি রয়েছে সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটার মহম্মদ ওয়াসিমের দখলে। বৈভব যদি চলতি সিরিজে এই লক্ষ্য অর্জন করেন, তবে অর্ধেকেরও কম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে ওয়াসিমকে পেছনে ফেলে দেবেন। একইসঙ্গে এই বিশ্বরেকর্ড নিজের নামে করে নেবেন ভারতীয় ক্রিকেটের নতুন ব্যাটিং বিস্ময়।

জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠটি বৈভবের বেশ প্রিয়, যেখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ফাইনালে খেলেছিলেন রেকর্ড ব্রেকিং ইনিংস। সিরিজের প্রথম ম্যাচেও মাত্র ১৯ বলে ৫০ রানের এক ঝড়ো ইনিংস খেলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটি করার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

এমন অসাধারণ কৃতিত্ব অর্জন করলে তা বৈভবের কেরিয়ারে এক নতুন বড় মাইলফলক যোগ করবে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এত কম বয়সে টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর এমন ধারাবাহিক পারফরম্যান্স ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে তাঁকে আরও বড় সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। তবে এই সিরিজে হোক বা অন্য সিরিজে এই রেকর্ড বৈভবের নামে হওয়াটা শুধু সময়ের অপেক্ষা।

(Feed Source: news18.com)