Nandan Nilekani: NEET বিতর্কের পর NTA সংস্কারে বড় দায়িত্ব তাঁর কাধে, কে এই নন্দন নিলেকানি? IIT বম্বে থেকে ইনফোসিস, আধারের রূপকার! তাঁর পড়াশোনা কতদূর, শিক্ষাগত যোগ্যতা জানুন

Nandan Nilekani: NEET বিতর্কের পর NTA সংস্কারে বড় দায়িত্ব তাঁর কাধে, কে এই নন্দন নিলেকানি? IIT বম্বে থেকে ইনফোসিস, আধারের রূপকার! তাঁর পড়াশোনা কতদূর, শিক্ষাগত যোগ্যতা জানুন

 

Nandan Nilekani: NTA-র সংস্কারের জন্য গঠিত হাই-পাওয়ার্ড টাস্ক ফোর্সের প্রধান করা হয়েছে ইনফোসিসের চেয়ারম্যান নন্দন নিলেকানিকে। কে এই প্রযুক্তিবিদ? জেনে নিন তাঁর শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের সাফল্য, আধার প্রকল্পে ভূমিকা এবং কেন তাঁকেই বেছে নিল কেন্দ্র সরকার।

দেশের শিক্ষাব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে তৈরি হবে টাস্ক ফোর্স৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র সংস্কারের লক্ষ্যে গঠিত হাই-পাওয়ার্ড টাস্ক ফোর্সের প্রধান করা হয়েছে ইনফোসিসের চেয়ারম্যান নন্দন নিলেকানিকে। পরীক্ষা ব্যবস্থাকে আরও উন্নত প্রযুক্তি নির্ভর করে তোলাই হবে লক্ষ্য৷

দেশের অন্যতম সম্মানিত প্রযুক্তি বিশেষজ্ঞ নিলেকানির নেতৃত্বে এই কমিটি NTA-র কাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কারের সুপারিশ করবে। শিক্ষাব্যবস্থা দেশজোড়া অসন্তোষ, NTA-র বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ, তার মাঝেই নন্দন নিলেকানিকেই কেন প্রধান দায়িত্বে বেছে নিল মোদি সরকার?

কে এই নন্দন নিলেকানি?
১৯৫৫ সালের ২ জুন বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন নন্দন নিলেকানি। তাঁর স্কুলজীবন কেটেছে বিশপ কটন বয়েজ স্কুলে। এরপর তিনি আইআইটি বম্বে (IIT Bombay) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে পড়াশোনা শেষ করার পর তিনি পাটনি কম্পিউটার সিস্টেমস-এ যোগ দেন। সেখানেই তাঁর পরিচয় হয় নারায়ণ মূর্তির সঙ্গে। পরবর্তীতে দু’জনে মিলে প্রতিষ্ঠা করেন ভারতের অন্যতম শীর্ষ আইটি সংস্থা ইনফোসিস।

ইনফোসিসে দীর্ঘ কর্মজীবন
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত নন্দন নিলেকানি ইনফোসিসের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ম্যানেজিং ডিরেক্টর (MD) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সংস্থার কো-চেয়ারম্যান হন। ২০১৭ সালে বিরতির পর তিনি আবার চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন এবং সংস্থার কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

আধার প্রকল্পের রূপকার
কর্পোরেট জগতের পাশাপাশি জননীতি ও ডিজিটাল প্রশাসনেও নন্দন নিলেকানির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২০০৯ সালে তাঁকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান করা হয়। তাঁর নেতৃত্বেই চালু হয় বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক পরিচয় প্রকল্প আধার (Aadhaar)।

নিলেকানির নেতৃত্বে আধার ভারতের ডিজিটাল পরিচয় ব্যবস্থার মূল ভিত্তি হয়ে ওঠে। এর মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া আরও সহজ হয়েছে।

সম্মান ও স্বীকৃতি
প্রযুক্তি এবং প্রশাসনে অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করা হয়। এছাড়াও তিনি Imagining India এবং Rebooting India-সহ একাধিক বইয়ের লেখক। এই বইগুলিতে প্রযুক্তি, সুশাসন এবং ভারতের উন্নয়ন নিয়ে তাঁর ভাবনা তুলে ধরা হয়েছে।

কেন গঠন করা হয়েছে এই বিশেষ টাস্ক ফোর্স?
NEET-UG ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ এবং দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির স্বচ্ছতা নিয়ে ওঠা উদ্বেগের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার এই হাই-পাওয়ার্ড টাস্ক ফোর্স গঠন করেছে।

নন্দন নিলেকানির নেতৃত্বাধীন এই কমিটির মূল দায়িত্ব হবে—
NTA-র প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করার সুপারিশ করা।
পরীক্ষা ব্যবস্থায় সাইবার নিরাপত্তা আরও জোরদার করা।
পরীক্ষা পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা।
দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারের জন্য কার্যকর সংস্কারের প্রস্তাব দেওয়া।
দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে এই কমিটির সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

(Feed Source: news18.com)