)
200 and 500 rupee notes: কেন্দ্রীয় ব্যাংক একটি বিজ্ঞপ্তি জারি করে নির্দেশিকা স্পষ্ট করেছে। একজন ব্যক্তি সর্বোচ্চ ২৫,০০০ টাকার নোট নিজের সঙ্গে বহন করতে পারবেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০ ও ৫০০ টাকার নোট নিয়ে নয়া নিয়ম! ভারত ও নেপালের বাণিজ্যিক যোগাযোগ এবং পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় টাকার উপর নিয়ম শিথিল করল নেপাল সরকার। নতুন নিয়ম অনুযায়ী, সীমান্তে যাতায়াতের সময় ভারতীয় ও নেপালি নাগরিকরা ২০০ এবং ৫০০ টাকার নোট সঙ্গে রাখতে পারবেন। নেপালের কেন্দ্রীয় ব্যাংক ‘নেপাল রাষ্ট্র ব্যাংক’ একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা স্পষ্ট করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৬ সালের ৯ নভেম্বর বা তার পরে ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক ইস্যু করা ২০০ এবং ৫০০ টাকার নোটের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে। সীমান্তে যাতায়াতের সময় একজন ব্যক্তি সর্বোচ্চ ২৫,০০০ টাকার নোট নিজের সঙ্গে বহন করতে পারবেন। সেইসঙ্গে নেপালের অভ্যন্তরেও তা লেনদেন করতে পারবেন। প্রসঙ্গত, পূর্বে নেপাল সরকার ও নেপাল রাষ্ট্র ব্যাংক দেশের ভিতর ১০০ টাকার বেশি মূল্যের যে কোনও ভারতীয় নোট আনায় কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছিল। ফলে এতদিন নেপালে আসা ভারতীয় পর্যটকদের কেবল ১০০ টাকা বা তার কম মূল্যের নোটের ওপর নির্ভর করতে হত। যার ফলে বড় অঙ্কের কেনাকাটা বা ভ্রমণের খরচ মেটাতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হত।
যদিও সর্বোচ্চ ২৫,০০০ টাকার সীমা আগের মতোই বহাল হয়েছে, তবে ২০০ ও ৫০০ টাকার নোট ব্যবহারের অনুমতি দেওয়ায় পর্যটক থেকে ব্যবসায়ী এবং সীমান্তবর্তী অঞ্চলের মানুষরা অনেকটা স্বস্তি পেল। তবে এই ছাড়ের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধও বজায় রেখেছে নেপাল রাষ্ট্র ব্যাংক। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে যে, ২০১৬-র ৯ নভেম্বরের পূর্বে ইস্যু করা পুরনো ১,০০০ এবং ৫০০ টাকার নোট নেপালে সম্পূর্ণ নিষিদ্ধ ও বেআইনি বলেই গণ্য থাকবে।
একইসঙ্গে কোনও নেপালী বা ভারতীয় নাগরিক ভারত ছাড়া অন্য কোনও তৃতীয় দেশ থেকে ভারতীয় মুদ্রা নেপালে নিয়ে আসতে পারবেন না। একইভাবে নেপাল থেকেও ভারত ছাড়া অন্য কোনও তৃতীয় দেশে সফরকালে সঙ্গে ভারতীয় টাকা নিয়ে যাওয়া যাবে না। নেপাল রাষ্ট্র ব্যাংকের মুখপাত্র গুরু প্রসাদ পাউদেল জানিয়েছেন, এরর ফলে দুই দেশের সীমান্তে আর্থিক লেনদেন আরও স্বচ্ছ ও গতিশীল হবে এবং নেপালে আসা ভারতীয় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন বলে আশা সরকারের।
(Feed Source: zeenews.com)
