)
Deadly Wildfires in France and Spain: সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, ফ্রান্স ও স্পেন মিলিয়ে আড়াই লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া। এর মধ্যে ফ্রান্সে প্রায় ১.৬৭ লক্ষ এবং স্পেনে ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর দাবানল। ফ্রান্স ও স্পেন মিলিয়ে আড়াই লক্ষেরও বেশি মানুষ বাড়িছাড়া। এর মধ্যে ফ্রান্সে প্রায় ১.৬৭ লক্ষ এবং স্পেনে ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে। পুড়ে ছাই হাজার হাজার হেক্টর বনভূমি। চলতি বছরে স্পেনে ইতিমধ্যেই ১.৩ লক্ষ হেক্টরেরও বেশি বনভূমি আগুনের গ্রাসে চলে গিয়েছে। ফ্রান্সেও প্রায় ৯৮ হাজার হেক্টর এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ
ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই বিধ্বংসী দাবানলের তাণ্ডব। আগুন গিলে খাচ্ছে বন-জঙ্গল-জনপদ। দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন। আগুনের জেরে দুই দেশ মিলিয়ে প্রায় ২ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনা, দমকল, বিমান বাহিনী। ইউরোপীয় ইউনিয়নেরও সাহায্য চাওয়া হয়েছে।
ওয়াইল্ডফায়ার ইমার্জেন্সি
অবস্থা এতই সঙ্গিন যে, স্পেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্পেনে প্রথমবার জাতীয় জরুরি অবস্থা! স্পেনের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। মাদ্রিদের আশপাশে একাধিক দাবানল একত্রিত হয়ে বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হয়েছে। স্পেনের ইতিহাসে এই প্রথম ঘোষণা করা হয়েছে ওয়াইল্ডফায়ার ইমার্জেন্সি। ইতালি, গ্রিস, পর্তুগাল, নেদারল্যান্ডস-সহ ইউরোপের একাধিক দেশ আগুন নেভানোর বিমান পাঠিয়ে স্পেনের সাহায্যে এগিয়ে এসেছে।
ফ্রান্সে
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে বোর্দোর (Bordeaux) আশপাশের গিরন্দ (Gironde) এবং লঁদ (Landes) অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। প্রবল গরম, দীর্ঘদিনের খরা এবং দমকা হাওয়ার জেরে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুধু ফ্রান্সেই প্রায় ১.৯৭ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বহু এলাকায় আগেভাগেই বাড়ি খালি করার নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি দাবানলের ধোঁয়া থেকে বাঁচতে সরকারের তরফে বিতরণ করা হচ্ছে মাস্ক। আগুন নেভাতে প্রায় ১,৫০০ সেনা ও দমকল কর্মী, একাধিক জলবাহী বিমান এবং সামরিক বিমানও মোতায়েন করা হয়েছে। আগুন এত দ্রুত ছড়িয়েছে যে, বহু মানুষ প্রয়োজনীয় জিনিসপত্রও সঙ্গে নেওয়ার সময় পাননি। শুধু প্রাণটুকু হাতে নিয়ে ছেড়েছেন বাড়ি।
(Feed Source: zeenews.com)
