)
Johnson & Johnson Lawsuits: জনসন অ্যান্ড জনসন বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে প্রায় ৬৯ হাজার মামলা চলছে! মার্কিন দেশে ট্যালকম সংক্রান্ত বিচারাধীন মামলার প্রায় ৯৯.৭৫ শতাংশই এই সমঝোতার আওতায় আসবে। তবে এই সমঝোতার প্রস্তাবটি তখনই চূড়ান্ত হবে, যখন বিভিন্ন আদালতে মামলা করা অন্তত ৯৫ শতাংশ বাদী এতে সম্মতি দেবেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্যালকম বেবি পাউডার থেকে ছড়াচ্ছে ক্যানসার? ভয়ংকর এই অভিযোগে তোলপাড় বিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে দায়ের হওয়া হাজার হাজার মামলা নিষ্পত্তির জন্য ৫৫০ কোটি ডলার খরচ করতে সম্মত হয়েছে জনসন অ্যান্ড জনসন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ ও প্রসাধন প্রস্তুতকারক বহুজাতিক এই কোম্পানি জনসন অ্যান্ড জনসন সোমবার এই কথা ঘোষণা করেছে।
আদালতে প্রায় ৬৯ হাজার মামলা
জনসন অ্যান্ড জনসন বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে প্রায় ৬৯ হাজার মামলা চলছে। মার্কিন দেশে ট্যালকম সংক্রান্ত বিচারাধীন মামলার প্রায় ৯৯.৭৫ শতাংশই এই সমঝোতার আওতায় আসবে। তবে এই সমঝোতার প্রস্তাবটি তখনই চূড়ান্ত হবে, যখন বিভিন্ন আদালতে মামলা করা অন্তত ৯৫ শতাংশ বাদী এতে সম্মতি দেবেন।
‘ক্যানসার সৃষ্টিকারী উপাদান’?
বেবি পাউডারে থাকে এক ধরনের নরম খনিজ, যা একসময় প্রসাধনী ও শিশুপণ্যের অন্যতম প্রধান উপাদান ছিল। তবে ক্যানসারের সঙ্গে এর সম্ভাব্য সংযোগ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে বিশ্ব জুড়েই। ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ‘সম্ভবত মানুষের জন্য ক্যানসার সৃষ্টিকারী’ উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে পাউডারে ব্যবহৃত হওয়া এই ট্যালককে।
ট্যালক থেকে ক্যানসার?
জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ অবশ্য বরাবরই দাবি করে এসেছে, ট্যালক উপাদানটির কারণে ক্যানসার হয় বলে কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই। তবে প্রতিষ্ঠানটি ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ২০২৩ সালে বিশ্ব জুড়ে ট্যালকমভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেয়।
২০১৬ সালে শুরু
২০১৬ সালে ওভারির ক্যানসারে মারা যাওয়া এক মহিলার পরিবারকে ৭ কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জুরিবোর্ড। সেখানে ট্যালকমের ব্যবহার নিয়ে এমন রায় দেওয়ার সেটিই ছিল প্রথম দৃষ্টান্ত। এক বছর পরে ওই রায় বাতিল হয়ে যায়। এর পর থেকে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জুরিবোর্ড একের পর এক মামলায় বাদীদের পক্ষেই রায় দিতে থাকে। তবে, জনসন যে এই বিপুল অর্থ দিয়ে মামলা মিটিয়ে নেওয়ার কথা বলেছে তাকে স্বাগত জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা। তাঁরা মনে করছেন, এই সমঝোতা এক দশকের আইনি লড়াইয়ের ইতিবাচক সমাধান।
(Feed Source: zeenews.com)
