কলকাতায় শূন্য পড়ুয়া স্কুল থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলি প্রক্রিয়া শুরু করল সরকার। কলকাতায় জিরো এনরোলমেন্ট (শূন্য পড়ুয়া) স্কুল এবং উদ্বৃত্ত শিক্ষক নিয়ে বড় পদক্ষেপ করল স্কুল শিক্ষা দফতর।
স্কুল নিয়ে বড় পদক্ষেপ
এবার কলকাতায় শূন্য পড়ুয়া স্কুল থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলি প্রক্রিয়া শুরু করল রাজ্য। কলকাতায় জিরো এনরোলমেন্ট (শূন্য পড়ুয়া) স্কুল এবং উদ্বৃত্ত শিক্ষক নিয়ে বড় পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দফতর। সংশোধিত SOP অনুযায়ী শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলি (Rationalization) শুরু হয়েছে।
সূত্রের খবর, যেখানে পড়ুয়া নেই বা শিক্ষক উদ্বৃত্ত রয়েছে, সেখান থেকে শিক্ষক-কর্মীদের শিক্ষক সংকট থাকা (High PTR) স্কুলে স্থানান্তর করা হবে। উচ্চ PTR-যুক্ত স্কুলগুলির তালিকা প্রকাশ করা হবে এবং উদ্বৃত্ত শিক্ষকরা নিজেদের পছন্দ অনুযায়ী তিনটি স্কুলের বিকল্প জানাতে পারবেন।
নির্ধারিত সময়ে পছন্দ না জানালে বা শূন্যপদ না থাকলে, প্রশাসনিক প্রয়োজনে যে কোনও শিক্ষক-সংকটের স্কুলে বদলি বাধ্যতামূলকভাবে করা হবে। মাধ্যমিক স্তরে বিষয়ভিত্তিক উদ্বৃত্ত শিক্ষক, আর প্রাথমিক স্তরে বয়সে অপেক্ষাকৃত কম শিক্ষককে উদ্বৃত্ত হিসেবে বিবেচনা করার কথা উল্লেখ নির্দেশিকায়।
যেসব স্কুলে দীর্ঘদিন ধরে অনুমোদিত পদ নেই কিন্তু শিক্ষক প্রয়োজন, সেখানে পোস্ট সহ শিক্ষক স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রয়োজনে শূন্য পড়ুয়া স্কুলের অনুমোদিত পদও প্রত্যাহার করা হতে পারে। একই সঙ্গে, শূন্য পড়ুয়া স্কুল বন্ধ হলে সেই স্কুলের সম্পদ ও নথির দায়িত্ব সংশ্লিষ্ট সাব ইনস্পেক্টর গ্রহণ করবেন বলে নির্দেশিকায় উল্লেখ। কাল, অর্থাৎ বুধবার থেকেই এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে কলকাতায়। নির্দেশিকা জারি করলেন কলকাতা জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক। এর জেরে রাজ্যের সরকারি স্কুলগুলিকে শিক্ষার হাল ফেরানো যেতে পারে বলে মনে করা হচ্ছে।
(Feed Source: news18.com)