জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াতের তোপের মুখে পড়ার পর তাঁর কড়া জবাব দিলেন সিজিপি মুখপাত্র সৌরভ দাস। সম্প্রতি কঙ্গনা তাঁকে “অকেজো” বলে আক্রমণ করার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা সুর চড়ান সৌরভ। সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সৌরভ স্পষ্ট জানান, কঙ্গনাকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই।
সৌরভ দাস কঙ্গনার মন্তব্যের জবাবে বলেন, “কঙ্গনা রানাওয়াতকে তাঁর নিজের দলই গুরুত্ব দেয় না, তাহলে আমরা কেন তাঁকে গুরুত্ব দেব? জেন জি বা নতুন প্রজন্মের কেউ তাঁর কথা শোনে না বা তাঁকে গুরুত্ব দেয় না।” হিমাচল প্রদেশে কঙ্গনার একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে সৌরভ বলেন, “উনি বলেছিলেন, ‘ভেবেছিলাম সাংসদ হিসেবে অল্প কাজ করতে হবে, কিন্তু এখানে তো অনেক কাজ!’ এতেই বোঝা যায় জনপ্রতিনিধি হিসেবে উনি কতটা আন্তরিক।”
সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার ব্যবহৃত ভাষার বিরোধিতা করে সৌরভ জানান, একজন রাজনীতিকের পদের মর্যাদা রাখা উচিত। একই সঙ্গে তিনি বলেন, কঙ্গনা যা করতে পারেননি, সেই দেশের গণতন্ত্রের প্রতি বিশ্বাস ফেরানোর কাজ জেন জি প্রজন্ম করে দেখাচ্ছে।
ঠিক কী বলেছিলেন কঙ্গনা রানাওয়াত?
এর আগে সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে সৌরভ দাসের শিক্ষাগত যোগ্যতা ও কাজের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ‘ইমার্জেন্সি’ অভিনেত্রী। কঙ্গনা লেখেন, “গুগল করে দেখলাম ওঁর বয়স ২৮ বছর। এখনও উনি কীভাবে নিজেকে ছাত্র দাবি করেন বুঝি না! আমি গত ২০ বছর ধরে জনসংযোগের কাজে যুক্ত। এই ২৮ বছর বয়সে আমার ঝুলিতে দুটো জাতীয় পুরস্কার ছিল। নতুন সাংসদ হিসেবে আমি প্রচুর কাজের চাপে ব্যস্ত, কারণ আমি একাধারে অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও উদ্যোক্তা।”
সৌরভকে উদ্দেশ্য করে কঙ্গনা আরও লেখেন, “যাঁরা সম্পূর্ণ বেকার এবং অকেজো, তারা এত চাহিদায় থাকার অর্থ বুঝবে না। সৌরভের সমস্যাটা ব্যক্তিগত। উনি ছাত্র নন, স্রেফ অপদার্থ। ওঁর উচিত কোনও কাজের কাজ শেখা।”
(Feed Source: zeenews.com)