স্টিলের আলমারি, টাইপরাইটার এবং কলকাতায় গোদরেজের ১০০ বছরের পথচলা, ফিরে দেখা সেই ইতিহাস

স্টিলের আলমারি, টাইপরাইটার এবং কলকাতায় গোদরেজের ১০০ বছরের পথচলা, ফিরে দেখা সেই ইতিহাস

১৯২৬ সাল থেকে আজ পর্যন্ত মুম্বইয়ের বাইরে গোদরেজের প্রথম শাখা হিসেবে কলকাতা শাখা দেশের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন, প্রতিকূলতা মোকাবিলা এবং নতুন উদ্যমে এগিয়ে চলার প্রতিটি অধ্যায়ের সাক্ষী হয়েছে। এটি শুধু একটি কর্মক্ষেত্রই নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে—এক একটি পণ্য এক একটি পরিবারের জীবনের সঙ্গে জড়িয়ে থেকে অসংখ্য যাত্রাপথের সঙ্গী হয়েছে।

কলকাতায় গোদরেজের ১০০ বছরের পথচলা

কলকাতা: একসময় বাংলায় এমন একটা মধ্যবিত্ত পরিবার খুঁজে পাওয়া কঠিন ছিল, যার কাছে আইকনিক গোদরেজ স্টোরওয়েল (Godrej Storwel) আলমারি ছিল না। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সাধারণ ইস্পাতের আলমারিটি শুধুমাত্র একটি আসবাবপত্র ছিল না, বরং পরিবারের উত্তরাধিকার হিসেবে স্থান করে নিয়েছিল। কলকাতা ছিল স্টোরওয়েলের অন্যতম বৃহত্তম বাজার, আর আজও শহরের বহু বাড়িতে এটি গর্বের সঙ্গে নিজের জায়গা ধরে রেখেছে।

গোদরেজের সঙ্গে কলকাতার সম্পর্ক শুধু বাড়িঘরেই সীমাবদ্ধ নয়। কলকাতার আদালত চত্বর এবং এসপ্ল্যানেড-সংলগ্ন অফিসপাড়ায়, যেখানে ফুটপাথে টাইপিস্টদের ক্রমশ হারিয়ে যাওয়া পেশা এখনও টিকে আছে, সেখানে আজও অনেকে গোদরেজের টাইপরাইটার ব্যবহার করেন। ১৯৫৫ সালে যখন গোদরেজ টাইপরাইটার উৎপাদন শুরু করে, তখন কলকাতার বাজারে আমেরিকান ব্র্যান্ড রেমিংটন-এর আধিপত্য ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে গোদরেজই হয়ে ওঠে সবচেয়ে পছন্দের ব্র্যান্ড। ১৯৯৮ এবং ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের টাইপরাইটার কেনার প্রায় ৭৫ শতাংশ অর্ডারই গোদরেজের দখলে ছিল। যদিও ২০০৯ সালে সংস্থাটি টাইপরাইটার উৎপাদন বন্ধ করে দেয়, তবুও সেই সময়ের অনেক টাইপরাইটার এখনও কলকাতার ফুটপাথে ব্যবহৃত হচ্ছে।

 

এই সবই তুলে ধরা হয়েছে গোদরেজের সল্টলেক অফিসে আয়োজিত কলকাতা শাখার শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বিশেষ প্রদর্শনীতে। শহরে সংস্থার ১০০ বছরের কার্যক্রম পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে গোদরেজ ব্র্যান্ডের বিকাশ এবং কলকাতার সঙ্গে তার গভীর সম্পর্কের ইতিহাস তুলে ধরা হয়েছে।

 

গোদরেজ আর্কাইভসের প্রধান বৃন্দা পাঠারে (Vrunda Pathare, Head of Godrej Archives), যিনি সংস্থার ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তিনি বলেন, এই প্রদর্শনী যতটা গোদরেজকে নিয়ে, ঠিক ততটাই কলকাতাকে নিয়েও। তাঁর কথায়, “১৩০ বছরের পুরনো একটি সংস্থার জন্য কলকাতা শাখার ১০০ বছর পূর্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। সংস্থার পরিবর্তনের ইতিহাস তুলে ধরার সময় আমরা শুধু আমাদের প্রডাক্টের গল্প বলি না, সেই সব জায়গার কথাও বলি, যেগুলি আমাদের গড়ে তুলেছে। আমাদের যাত্রাপথের প্রতিটি ধাপে কলকাতা ছিল গুরুত্বপূর্ণ অংশীদার। তাই এই বিশেষ মাইলফলক উদ্‌যাপনে আমরা চেয়েছি কলকাতাও আমাদের সঙ্গে অংশ নিক।”