জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনেমা হলে ছবি দেখতে দেখতে গায়েব আড়াই লাখ টাকা! বড়সড় সাইবার জালিয়াতির মুখে পড়লেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি। কোনও পিন, পাসওয়ার্ড বা ওটিপি শেয়ার না করা সত্ত্বেও কয়েক মিনিটের মধ্যে তাঁর ক্রেডিট কার্ড থেকে গায়েব হয়ে গেল ২ লক্ষ ৪৩ হাজার ৮৫২ টাকা। ঘটনার পরেই মুম্বইয়ের আম্বোলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের অন্ধেরির এক শপিং মলের সিনেমা হলে। অভিনেত্রী যখন হলে বসে সিনেমা দেখছিলেন, ঠিক সেই সময়েই তাঁর মোবাইলে পরপর কয়েকটি লেনদেনের ব্যাংক মেসেজ আসতে শুরু করে। মেসেজে জানা যায়, ‘অ্যারোমেক্সিকো’ নামের একটি বিদেশি বিমান সংস্থায় টিকিট কাটার জন্য তাঁর ক্রেডিট কার্ড থেকে ২,৫২৫ মার্কিন ডলার খরচ করা হয়েছে। কোনও ফোন কল বা ওটিপি আসা ছাড়াই পরপর চারটি বড় আর্থিক লেনদেন সম্পন্ন হয়ে যায়। মেসেজটি দেখামাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ব্যাংকের টোল-ফ্রি নম্বরে যোগাযোগ করেন কীর্তি এবং তৎক্ষণাৎ নিজের ক্রেডিট কার্ডটি ব্লক করে দেন।
পুলিসি তদন্ত ও মালওয়্যারের আশঙ্কা
জালিয়াতির পরপরই আম্বোলি পুলিসের দ্বারস্থ হন অভিনেত্রী। তিনি পুলিসকে জানান, ক্রেডিট কার্ডের পিন বা পাসওয়ার্ড তিনি অত্যন্ত গোপন রাখেন এবং এটি কারও সঙ্গে কখনও ভাগ করে নেননি। পুলিস ঘটনার গুরুত্ব বুঝে এফআইআর দায়ের করেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোনও মালওয়্যার বা স্পাইওয়্যারের মাধ্যমে অভিনেত্রীর মোবাইল বা কার্ডের ওপর নজরদারি চালিয়ে এই হ্যাকিং করা হয়েছে। বর্তমানে মুম্বই পুলিসের সাইবার সেল ব্যাংকের স্টেটমেন্ট, ট্রানজ্যাকশন আইডি ও ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করে হ্যাকারদের শনাক্ত করার চেষ্টা করছে।
(Feed Source: zeenews.com)