ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর আগামী ৫ আগস্ট প্রথমবারের মতো প্রকাশ্যে আসবেন শেখ হাসিনা। সাংবাদিক বৈঠক করতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা
ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর আগামী ৫ আগস্ট প্রথমবারের মতো সাংবাদিক বৈঠক করতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
ক্ষমতা ছাড়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন হাসিনা। রাজনৈতিক মহলের মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তিনি বক্তব্য রাখতে পারেন। পাশাপাশি, ঢাকা ফেরার পরিকল্পনাও তিনি প্রকাশ করতে পারেন বলে জোর জল্পনা।
জানা গিয়েছে, এই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তাঁর সরকারের একাধিক প্রাক্তন মন্ত্রীও উপস্থিত থাকতে পারেন। অনুষ্ঠানের আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (FCC South Asia), নয়াদিল্লি। সেখান থেকেই ভার্চুয়ালি বক্তব্য রাখবেন হাসিনা।
আগামী ৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত নয়াদিল্লির সার মার্ক টালি অডিটোরিয়াম, মথুরা রোডে এই অনুষ্ঠান হওয়ার কথা।
ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ইঙ্গিত
শেখ হাসিনা এর আগেও একাধিকবার জানিয়েছেন, আইনি জটিলতা সত্ত্বেও তিনি বাংলাদেশে ফিরতে চান। রয়টার্স-কে দেওয়া গত জুনের শেষ এবং জুলাই মাসের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার লক্ষ্য রয়েছে তাঁর।
সেই সাক্ষাৎকারগুলিতে হাসিনা জানান, তাঁর প্রত্যাবর্তন হবে স্বেচ্ছায় এবং এর মূল উদ্দেশ্য হবে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর পুনরুদ্ধার করা ও দেশের ভবিষ্যৎ রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেওয়া।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তিনি এ বছরই দেশে ফেরার অঙ্গীকার করেছিলেন। পরবর্তী প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরকে লক্ষ্য করে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে দেশে ফিরে দলের উপর জারি হওয়া নিষেধাজ্ঞাকে আইনি ও রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ জানাতে চান তিনি।
হাসিনার দাবি, দেশে ফিরলে গ্রেফতার কিংবা মৃত্যুর মুখোমুখি হলেও তিনি প্রস্তুত। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন।
(Feed Source: news18.com)