)
Prashant Kishor educational qualification: দীর্ঘ সময় নেপথ্যে থেকে বিভিন্ন দলের নির্বাচনী কৌশল নির্ধারণ করার পর অবশেষে বিহারের বাঁকিপুর উপনির্বাচনে তিনি নিজেই প্রার্থী হিসেবে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। আর প্রথমবার ভোটে লড়েই জয় হাসিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমবার নির্বাচনে লড়েই জয় হাসিল। বিজেপির ৩ দশকের গড় বাঁকিপুর জিতে নিয়েছেন ‘পোল স্ট্র্যাটেজিস্ট’ প্রশান্ত কিশোর। জানেন তাঁর শিক্ষাগত যোগ্যতা কতদূর? প্রশান্ত কিশোরের জন্ম বিহারের রোহতাস জেলায়। বক্সার থেকে তিনি তাঁর মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। অনেকেই ভাবতেন যে প্রশান্ত কিশোর একজন ইঞ্জিনিয়ার বা এমবিএ ডিগ্রিধারী। কিন্তু বাস্তবে তা নয়।
১৯৯৯ সালে লখনউ বিশ্ববিদ্যালয় থেকে প্রশান্ত কিশোর ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) করেন। এরপর ২০০১-২০০৩ সালে তিনি হায়দরাবাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া (ASCI) থেকে মাস্টার অব হেলথকেয়ার অ্যাডমিনিস্ট্রেশন (MHA) ডিগ্রি অর্জন করেন। তাঁর ভাষাগত দক্ষতাও অপরিসীম। ২০১০ সালে তিনি ফ্রান্সের CAVILAM থেকে ফরাসি ভাষার ওপর একটি কোর্স করেন। উচ্চশিক্ষা শেষে তিনি প্রায় ৮ বছর ইউনাইটেড নেশনের জনস্বাস্থ্য কর্মসূচিতে কাজ করেন। এবং চাদে ইউনিসেফ (UNICEF)-এর সোশ্যাল পলিসি অ্যান্ড প্ল্যানিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ভারতের অপুষ্টি ও উন্নয়ন বিষয়ক একটি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন তৈরি করার পর তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর পরিচিতি ঘটে। সেখান থেকেই তাঁর রাজনৈতিক যাত্রার সূত্রপাত হয়। ২০১১ সাল থেকে প্রশান্ত কিশোর পেশাদার নির্বাচনী কৌশলবিদ হিসেবে কাজ শুরু করেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচন-সহ পরবর্তী বছরগুলিতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারাভিযান পরিচালনা করেন। ২০১৫ সালে নীতিশ কুমার, ২০১৭ সালে উত্তরপ্রদেশে কংগ্রেস ও পাঞ্জাবে অমরিন্দর সিং, ২০১৯-এ অন্ধ্র্রপ্রদেশে ওয়াই এস জগন মোহন রেড্ডি, ২০২০-তে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল, ২০২১-এ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোল স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেন প্রশান্ত কিশোর।
এরপরই সরাসরি রাজনীতিতে পদার্পণ। প্রথমে ২০১৮ সালে জেডিইউ (JD-U)-তে যোগদান। তারপর JDU ছেড়ে ২০২২ সালে ‘জন সূরজ’ পদযাত্রা ও ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে ‘জন সূরজ পার্টি’ গঠন। তবে ২০২৫ বিহার বিধানসভা নির্বাচনে ২৩৮ আসনে লড়লেও, একটিও আসন জেতেনি জন সূরয পার্টি। সেই নির্বাচনে অবশ্য নিজে প্রতিদ্বন্দ্বিতা করেননি প্রশান্ত কিশোর। দীর্ঘ সময় নেপথ্যে থেকে বিভিন্ন দলের নির্বাচনী কৌশল নির্ধারণ করার পর অবশেষে বাঁকিপুর উপনির্বাচনে তিনি নিজেই প্রার্থী হিসেবে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।
(Feed Source: zeenews.com)
