দাদাগিরি-তে তিনি মাতিয়ে দিয়েছিলেন, এবার সৌরভ গঙ্গোপাধ্যায় আসছেন বিগ বিসের হোস্ট হিসেবে৷ এতদিন তাঁকে আড়ালে রেখে তৈরি হয়েছিল প্রোমো, এবার সৌরভ এলেন সামনে৷
দাদাগিরির পর বিগ বস, কেমন লাগছে সৌরভকে?
কলকাতা: বহু দিনের অপেক্ষা শেষ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় এবার নতুন রূপে৷ না, তাঁর উপর তৈরি ছবির জন্য কোনও নতুন ভাবে তিনি সেজে ওঠেননি৷ তিনি আসছেন বিগ বস বাংলার হোস্ট হিসেবে৷ যা নিয়ে অনেক আলোচনা হয়েছে৷ এবার সেই প্রোমো সামনে এল৷ সেখানে বাংলা দাদা একেবারে অন্য অবতারে৷ অনেক বেশি হিরো সুলভ৷ কারণ বিগ বস শোটাই এমন৷ ইতিমধ্যে হিন্দি বিগ বসের প্রোমো সামনে এসেছে৷ বিভিন্ন ভাষায় হবে বিগ বস৷ আর সেই সব শোয়ে হিরোরা হবেন এই শোয়ের হোস্ট৷ একমাত্র বাংলায় সিনেমা জগতের না হয়েও সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালনা করবেন বিগ বসের৷
এই প্রোমো-তে প্রথমে সৌরভকে দেখা যাচ্ছ পাজামা পাঞ্জাবি পরে, খাঁটি বাঙালি হিসেবে৷ তিনি বলছেন যে বাঙালি এমন এক জাতি হিসেবে পরিচিত ছিল, যারা লড়াকু৷ এমন কোনও প্রতিযোগিতা নেই যাতে বাঙালি অংশ নিয়ে জেতেনি৷ প্রতিযোগিতা আমাদের দুর্বল করে না তৈরি করে৷ এবার আবার বাঙালির গর্জে ওঠার পালা৷ এবার বাঙালি দেখাবে দিন বদলের খেলা৷ আর নতুন বাঙালির লড়াই দুর্গ জেতার জন্য৷ কারণ দুর্গ জয়, সহজ নয়৷ যেখানে ঢোকা যতটা কঠিন, টিকে থাকা আরও শক্ত! এই কথাগুলো সঞ্চালক হিসেবে প্রোমো-তে বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷
যে কোনও শোয়ের প্রোমো সেই অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরে৷ এবং শো কেমন হতে চলেছে, তার একটা আভাস দেয়৷ এই প্রোমো থেকে বোঝা গেল যে, যেই সৌরভকে সঞ্চালক হিসেবে দাদাগিরিতে দেখা যেত, তার থেকে এটা একেবারেই আলাদা৷ এখন দেখার বিষয় হল, বিগ বস-এ কতটা দর্শকদের মন টানতে পারেন সৌরভ৷ এই শো দেখা যাবে স্টার জলসা ও জিও হটস্টার অ্যাপে৷
অত্যন্ত জনপ্রিয় শো বিগ বস৷ দীর্ঘদিন ধরে এই শোয়ের হোস্ট করেন সলমন খান৷ তিনি এই শোয়ের হোস্ট হিসেবে সুপারহিট! ভাইজান জানেন কীভাবে প্রতিযোগিদের সঙ্গে ব্যবহার করতে হয়৷ ফলে শো যটা হিট, ততটাই সলমন হোস্ট হিসেবে পছন্দের৷ এবার এই ভূমিকায় প্রথমবার সৌরভ৷ তাঁর দাদাগিরি ছিল বাংলার দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়৷ তিনি বাংলার দাদা এবং তাঁকে ভিত্তি করেই শুরু হয়েছিল এই শো৷ তবে সেই শো ছেড়েছেন সৌরভ৷ শোনা গিয়েছে ১২৭ কোটি টাকায় স্টারের সঙ্গে চুক্তি করেছেন তিনি৷ বিগ বস ছাড়াও একটি কুইজ শো করবেন তিনি৷ এখন দেখার নিজেই নিজের ইমেজ ভেঙে, টক্কর দিতে পারেন কিনা এবং দাদাগিরির থেকে জনপ্রিয় হয় কিনা বিগ বস৷
(Feed Source: news18.com)