
Cheap Protein Foods: প্রোটিন মানেই যে দামি খাবার, এমন ধারণা একেবারেই ভুল। ডিম, ডাল, ছোলা, সয়াবিন, পনিরের মতো সস্তা অথচ পুষ্টিকর খাবারেই মিলতে পারে পর্যাপ্ত প্রোটিন। কম খরচে প্রতিদিনের প্রোটিনের চাহিদা কীভাবে পূরণ করবেন, রইল বাজেট ফ্রেন্ডলি প্রোটিনসমৃদ্ধ খাবারের তালিকা।
মানুষ আজ অনেক স্বাস্থ্যসচেতন। সুস্থ শরীর গড়তে প্রোটিনের গুরুত্ব নিয়েও সচেতনতা বাড়ছে। তবে অনেকেরই ধারণা, বেশি প্রোটিন মানেই দামি খাবার। বাস্তবে বিষয়টি একেবারেই তা নয়। চিকিৎসক ঋষি মজুমদার এবং ফিটনেস ট্রেনার অনিমেষ দাস জানাচ্ছেন, অল্প খরচেই এমন অনেক খাবার রয়েছে যা শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে।
চিকিৎসক ঋষি মজুমদারের মতে, ডিম, সয়াবিন, ছোলা, মুসুর ডাল, মুগ ডাল, দুধ, দই এবং চিনাবাদাম কম দামের মধ্যে সবচেয়ে ভাল প্রোটিনের উৎস। তিনি বলেন, প্রতিদিনের খাদ্যতালিকায় এই খাবারগুলি রাখলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। তবে শুধু প্রোটিন খেলেই হবে না, পর্যাপ্ত শাকসবজি, ফল, কার্বোহাইড্রেট এবং জলও সমানভাবে জরুরি।
ফিটনেস ট্রেনার অনিমেষ দাস জানান, ছাত্রছাত্রীদের জন্য সেদ্ধ ডিম, ভেজানো ছোলা, সয়াবিন এবং ডাল সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর বিকল্প। পড়াশোনার পাশাপাশি শরীরের বৃদ্ধি ও শক্তি বজায় রাখতে এই খাবারগুলি নিয়মিত খাওয়ার পরামর্শ দেন তিনি। ফাস্ট ফুডের পরিবর্তে এই খাবারগুলি অনেক বেশি উপকারী।
মহিলাদের জন্য আলাদা করে দামি খাবারের প্রয়োজন নেই বলে মত বিশেষজ্ঞদের। প্রতিদিনের রান্নায় ডাল, সয়াবিন, দুধ বা দই এবং সামর্থ্য অনুযায়ী পনির বা ডিম রাখলে পরিবারের প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব। এতে খরচ যেমন কম হয়, তেমনই পুষ্টির মানও বাড়ে।
যাঁরা অফিস করেন এবং নিয়মিত জিমে যান, তাদের জন্য ট্রেনার অনিমেষ দাসের পরামর্শ—টিফিনে সেদ্ধ ডিম, ভাজা ছোলা, চিনাবাদাম, দই কিংবা সেদ্ধ চিকেন রাখা যেতে পারে। এতে সহজেই দৈনিক প্রোটিনের একটি বড় অংশ পূরণ হয় এবং আলাদা করে সবসময় প্রোটিন সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে না।
বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা থাকলে কম খরচেও স্বাস্থ্যকর জীবনযাপন সম্ভব। অযথা দামি সাপ্লিমেন্টের পিছনে না ছুটে প্রাকৃতিক ও সহজলভ্য খাবারকে গুরুত্ব দেওয়াই বুদ্ধিমানের কাজ। চিকিৎসক ঋষি মজুমদার এবং ট্রেনার অনিমেষ দাসের মতে, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্যাভ্যাসই সুস্থ ও সবল শরীর গড়ার আসল চাবিকাঠি।
(Feed Source: news18.com)
