)
DA Hike For Central Govt Employees: অষ্টম বেতন কমিশন চালুর আগেই মহার্ঘ ভাতা (DA) ৩% বাড়া নিশ্চিত। ফলে কর্মচারীদের ডিএ ৬০% থেকে বেড়ে ৬৩% ছুঁতে চলেছে! যা নিঃসন্দেহে তাঁদের জন্য বড় স্বস্তির খবর। নতুন পে স্ট্রাকচার চালু না হওয়া পর্যন্ত ডিএ-র সমস্ত সংশোধন বর্তমান সপ্তম বেতন কমিশনের আওতাতেই কার্যকর হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিএ নিয়ে স্বপ্নপূরণ! মহার্ঘ ভাতায় মহা খুশি কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীর। অষ্টম বেতন কমিশনের আগেই ডিএ ৩ শতাংশ বৃদ্ধি নিশ্চিত! এর জেরে মহার্ঘ ভাতা বেড়ে হবে ৬৩%! এটি নিঃসন্দেহে সকরারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। নতুন বেতন পরিকাঠামো বা পে স্ট্রাকচার চালু না হওয়া পর্যন্ত ডিএ-র সমস্ত সংশোধন বর্তমান সপ্তম বেতন কমিশনের অধীনেই কার্যকর হবে বলে জানা গিয়েছে।
৬০ থেকে ৬৩
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। ফলে তাঁদের ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছবে। কেন্দ্র সরকারের এক কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগীদের জন্য ২০২৬ সালের জুলাই মাসে মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির পথ পরিষ্কার হয়ে গিয়েছে। লেবার ব্যুরো ২০২৬ সালের জুন মাসের ‘সিপিআই-আইডব্লিউ’ (CPI-IW) সূচকের তথ্য প্রকাশ করেছে। এরপর জুলাইয়ের ডিএ সংশোধনের হিসাব-নিকাশ চূড়ান্ত হয়েছে। সর্বশেষ হিসাব বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩ শতাংশ অতিরিক্ত সুবিধা পেতে পারেন। যা তাঁদের প্রাপ্য ডিএ-কে ৬০% থেকে বাড়িয়ে ৬৩%-এ নিয়ে যাবে।
অষ্টম বেতন কমিশনের আগে এটিই কি শেষ বড় বৃদ্ধি?
২০২৬ সালের জুলাই মাসের এই ডিএ সংশোধন সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ বড় বৃদ্ধি হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন করেছে, তবে তাদের সুপারিশ বা রিপোর্ট আসতে এখনও কিছুটা সময় লাগবে। যতদিন না নতুন পে স্ট্রাকচার কার্যকর হচ্ছে, ততদিন সমস্ত ডিএ পরিবর্তন সপ্তম বেতন কমিশনের নিয়ম মেনেই হবে।
কীভাবে জুলাইয়ের ডিএ হিসাব?
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ লেবার ব্যুরো ২০২৬ সালের জুন মাসের ‘কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স’ (CPI-IW) প্রকাশ করেছে। এই সূচক ১৫১.৯ পয়েন্টে পৌঁছেছে, যা মে মাসের (১৫০.৮) চেয়ে বেশি। জুন মাসের এই পরিসংখ্যানই ছিল জুলাইয়ের ডিএ সংশোধনের চূড়ান্ত ধাপ, যার ভিত্তিতে সমস্ত প্রয়োজনীয় হিসাব সম্পন্ন করা গিয়েছে।
কবে মিলবে ডিএ এবং এরিয়ার?
ডিএ-র এই বৃদ্ধি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হবে। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পরেই এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিগত বছরগুলির ট্রেন্ড অনুযায়ী, জুলাই মাসের ডিএ সংক্রান্ত ঘোষণা সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে করা হয়ে থাকে। উল্লেখ্য, কেন্দ্র সরকার বছরে দু’বার– ১ জানুয়ারি এবং ১ জুলাই মহার্ঘ ভাতা সংশোধন করে থাকে। এই প্রক্রিয়াটি সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই হয়, যেখানে গত ১২ মাসের সিপিআই-আইডব্লিউ গড়ের উপর ভিত্তি করে ডিএ গণনা করা হয়।
ডিএ ৬৩.৭৫% হলেও সরকার দেবে ৬৩%
সিপিআই-আইডব্লিউ ডেটা এবং সপ্তম বেতন কমিশনের ক্যালকুলেশন সিস্টেম অনুযায়ী, মহার্ঘ ভাতা প্রায় ৬৩.৭৫% গিয়ে দাঁড়াচ্ছে। তবে সরকারের বর্তমান নিয়ম মেনে দশমিকের অঙ্ক বাদ রেখে প্রদেয় হার ৬৩% ধার্য করা হবে। এটি বর্তমান ৬০%-এর চেয়ে ৩% বেশি। গাণিতিক হিসাবে ৬৪%-তে পৌঁছনোর মতো সংখ্যা পাওয়া যায়নি, তাই এখনই ৪% বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।
কোন পে স্কেলে কতটা লাভ?
এই প্রস্তাব অনুমোদিত হলে ডিএ ৩ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পাবে। পেনশনভোগীরাও সমপরিমাণ সুবিধা ‘ডিয়ারনেস রিলিফ’ (DR) হিসেবে পাবেন। মূল বেতন (Basic Pay) অনুযায়ী কর্মীদের আনুমানিক কত টাকা লাভ হবে, তার একটি তালিকা রইল:
১৮,০০০ টাকা মূল বেতন: মাসে প্রায় ৫৪০ টাকা অতিরিক্ত মিলবে।
৩৫, ৪০০ টাকা মূল বেতন: মাসে প্রায় ১,০৬২ টাকা পর্যন্ত বেশি পেতে পারেন।
৫৬,১০০ টাকা মূল বেতন: মাসে প্রায় ১,৬৮৩ টাকা অতিরিক্ত পাওয়া যাবে।
(বিবিবদ্ধ সতর্কীকরণ/Disclaimer: এই তথ্য প্রাপ্ত সরকারি পরিসংখ্যান ও বর্তমান হিসাব পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরই ডিএ-র চূড়ান্ত হার ও সরকারি বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে গণ্য করা হবে।)
(Feed Source: zeenews.com)
