বর্ষায় এইভাবে বানিয়ে নিন ইলিশের আচার, গোটা বছর তারিয়ে তারিয়ে উপভোগ করুন ইলিশের স্বাদ-গন্ধ

বর্ষায় এইভাবে বানিয়ে নিন ইলিশের আচার, গোটা বছর তারিয়ে তারিয়ে উপভোগ করুন ইলিশের স্বাদ-গন্ধ

Hilsa Achar: বর্ষা চলে গেলে আর ইলিশের স্বাদ মেলে না! এই কষ্ট শিকেয় তুলুন। এইভাবে বানিয়ে নিন ইলিশ মাছের আচার, গোটা বছর ভাতের সঙ্গে ইলিশ মাছের স্বাদ-গন্ধ। কীভাবে বানাবেন? কেমনভাবে রাখলে গোটা বছর ভাল থাকবে? জানুন

ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ভরা বর্ষায় ইলিশের মরশুম। ভাপা, ভাজা, বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল তো অনেক হল! এবার স্বাদ বদলাতে বানিয়ে নিন ইলিশের আচার।

গোটা বর্ষা জুড়ে বাঙালির হেঁশেলে ‘ইলিশমঙ্গল’ চলে! মুড়ো, ল্যাজা, গাদা, পেট, কাঁটা… ইলিশ রানির কিছুই বাদ যায় না! বাঙালি মনের খুশিতে আগাগোড়া ইলিশ উদরস্ত করে শান্তি পায়! আসলে ইলিশ বাঙালির কাছে শুধু একটা মাছ নয়, আবেগ, ইমোশন, নস্টালজিয়া! গরম ভাতের সঙ্গে ইলিশের আচার পেলে স্বাদ দুগুণ হয়! ইলিশের আচার তৈরির জন্য লাগবে ৫০০ গ্রাম ইলিশ মাছ (ছোট টুকরো করা), ১ কাপ তেল, ১ কাপ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ রসুন কুচি, ১ চা চামচ আদা বাটা, ১ টেবিল চামচ সরষে বাটা, ১ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, ভিনিগার, ৬টি কাঁচা লঙ্কা ও নুন।

প্রথমে ইলিশ মাছ ভাল করে ধুয়ে তাতে নুন ও হলুদ মাখিয়ে তেলে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। এরপর একই তেলে পেঁয়াজ ভাজতে হবে। তারপর আদা বাটা, রসুন, সর্ষে বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে ভাজা ইলিশ মাছ ও কাঁচা লঙ্কা মেশান।

এরপর ভিনিগার মিশিয়ে দিন, এতে আচার দীর্ঘদিন ভাল থাকবে। সবশেষে জিরে ও পাঁচফোড়নের গুঁড়ো ছড়িয়ে খুব কম আঁচে ৫ থেকে ১০ মিনিট রান্না করতে হবে। তেল উপরে ভেসে উঠলে আচার নামিয়ে ঠান্ডা করে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ইলিশের আচার। অনেকদিন রেখে দিতে চাইলে পরিষ্কার ও শুকনো কাঁচের বয়ামে ভরে রেখে দিন ইলিশ মাছের আচার। মাঝে মাঝে রোদে দিলে আচার আরও ভাল থাকবে। এই পদ্ধতির কথা জানিয়েছেন পুষ্টিবিদ রুকসানা ইরানি।

(Feed Source: news18.com)