চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের

চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের

 

নয়াদিল্লি: ভারতীয় দলের মহাতারকা তিনি। দেশের গর্ব। তাও সেই ক্রিকেটার নাকি চাইলেও ঘরে ফিরতে পারছেন না। কথা হচ্ছে ঋষভ পন্থের (Rishabh Pant)। ঘরে ফিরতে না পেরে অগত্যা মধ্যরাতে গণমাধ্যম মারফৎ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন তারকা ক্রিকেটার। ঘটনাটা ঠিক কী?

ঋষভ পন্থের বাসস্থান, কর্মস্থল সবটাই দেশের রাজধানী নয়াদিল্লি। দিল্লির হয়েই রঞ্জি ট্রফি খেলা, আইপিএল খেলা এবং সেখান থেকেই উত্থান। তবে পন্থ কিন্তু আদপে উত্তরাখণ্ডের। খেলায় বাড়তি সুযোগ, সুবিধার জন্য তিনি ছোটবেলায় নয়াদিল্লিতে চলে এসেছিলেন। এবার তিনি ঘরওয়াপসিতে আগ্রহী। তবে ঘরে ফিরতেই পারছেন না পন্থ। নয়াদিল্লি থেকে উত্তরাখণ্ডে ফিরতে আগ্রহী পন্থ। কিন্তু নিজের রাজ্য ফেরার জন্য, বাড়ির তৈরির জন্য জমিই পাচ্ছেন না পন্থ। বাধ্য হয়ে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের অঙ্গ পন্থ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির (Pushkar Singh Dhami) কাছে বাড়ি তৈরির জমি চেয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেন।

পন্থ জানান বিগত তিন বছর ধরে তিনি উত্তরাখণ্ডে বাড়ি তৈরির জন্য জমি খুঁজেও উপযুক্ত স্থান পাচ্ছেন না। নিজের গড়ে ফিরে রাজ্যের জন্য অবদান রাখতে আগ্রহী পন্থ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে লেখেন, ‘আপনি কেমন আছেন? আমি উত্তরাখণ্ডের একজন স্থানীয় এবং দিল্লি থেকে সেখানেই স্থানান্তরিত হতে চাই। তবে আমি যথাযোগ্য স্থান পাচ্ছিই না। আপনার কাছে অনুরোধ করব দয়া করে আমায় বাড়ি তৈরির জমি খুঁজে পেতে সাহায্য করুন… আমি আমার পাহাড়ি মানুষজনকে ভালবাসি, নিজের জায়গায় ফিরতে চাই, উত্তরাখণ্ডের উন্নতি সাধনে অংশ নিতে চাই। দয়া করে এই বিষয়টায় দৃষ্টিপাত করুন, তিন বছর ধরে চেষ্টা করেও কোনও জমি পাচ্ছি না আমি। আপনার উত্তরের অপেক্ষায় রয়েছি।’

পন্থের দাবি অনুযায়ী তাঁকে রাজ্যকে প্রমোট করার জন্য পুরস্কার হিসাবে জমি দেওয়ার কথা জানানো হলেও, সেই জমিও তিনি পাননি। তিনি ওই পোস্টটিই ফলোআপ করে আরও একটি পোস্ট করে লেখেন যে তিনি বিনামূল্যে কিছুই চাইছেন না, বরং রাজ্যের থেকে ন্যায্য দামেই জমি কিনতে চাইছেন তিনি যাতে নিজের রাজ্যে নিজের প্রথম বাড়ি তৈরি করতে পারেন। ‘আন্তর্জাতিক পর্যায়ে আমাদের রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য পুরস্কার পেলে তো ভালই লাগবে, তবে আপনি অনুমতি দিলে আমি সরকারের থেকে নির্দিষ্ট মূল্যে জমি কিনতে চাইছি যাতে আমি নিজের রাজ্যে নিজের প্রথম বাড়ি তৈরি করতে পারি। দয়া করে সাহায্য করুন। সত্যি বলতে আমি জানি না যে এই সমস্যার সমাধান করার জন্য কী করতে হত। ‘ লেখেন পন্থ।

দিনকয়েক আগেই পন্থ গত অর্থবর্ষে উত্তরাখণ্ডের সর্বাধিক ব্যক্তিগত করপ্রদানকারী হয়েছেন। তিনি রিপোর্ট অনুযায়ী মোট ২৩.৮৪ কোটি টাকা আয়কর দিয়েছেন। এরপরেই তাঁর এই পোস্টটি করলেন পন্থ, তাও শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে থাকাকালীন।
(Feed Source: abplive.com)