
Electricity Bill : পরের মাসে ঠিক কত টাকা ইলেকট্রিক বিল শোধ করতে হবে আপনাকে, জেনে যাবেন এই মাসেই। খুব সহজ একটা হিসেব, জেনে রাখলে আগে থেকে প্রস্তুত থাকবেন।
ইলেকট্রিক বিল নিয়ে অনেক বাড়িতেই চিন্তা। ফ্রিজ, এসি, টিভি, ফ্যান-সহ একাধিক গেজেটস চলার ফলে মোটা টাকা ইলেকট্রিক বিল চোকাতে হয় প্রতি মাসে। ফলে বিল নিয়ে চিন্তা থাকাটাই স্বাভাবিক। তবে আগে থেকেই যদি পরের মাসের বিদ্যুত বিলের এতটা আন্দাজ পাওয়া যায়, তা হলে হয়তো চিন্তা কিছুটা কমে। আর মোটা টাকা বিল আসার আগে থেকে প্রস্তুতিও সেরে রাখা যায়।
বিদ্যুতের বিলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হল ‘ইউনিট’। সহজে বলতে গেলে, এক ইউনিট বিদ্যুৎ মানে ঘণ্টায় এক কিলোওয়াট বিদ্যুতের ব্যবহার। অর্থাৎ, আপনার বাড়িতে এক হাজার ওয়াট ক্ষমতার কোনও বৈদ্যুতিক যন্ত্র এক ঘণ্টা চললে, সেটি এক ইউনিট বিদ্যুৎ খরচ করবে। একইভাবে, ১০০ ওয়াটের একটি বাল্ব ১০ ঘণ্টা জ্বললে কিংবা ৫০ ওয়াটের একটি ফ্যান ২০ ঘণ্টা চললেও একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হবে।
ইউনিটের হিসেবের ভিত্তিতে গ্রাহকের বিল নির্ধারণ হয়ে থাকে। আপনি কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছেন, তা জানতে হলে প্রথমে মিটারের রিডিং বুঝতে হবে। সাধারণত, মিটারের ডিসপ্লে-তে মোট ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কিলোওয়াট-ঘণ্টা হিসেবে দেখানো হয়। সেখান থেকেই আপনি পরের মাসের বিদ্যুতের বিল সম্পর্কে একটা আন্দাজ পেতে পারেন। কখনও কখনও হিসেব ঠিকঠাক করতে পারলে, পরের মাসে বিদ্যুতের বিল ঠিক কত টাকা আসবে, তাও জানতে পারেন।
বাড়িতে নতুন মিটার বসানো হলে শুরুতে রিডিং সাধারণত শূন্য থাকার কথা। তবে অনেক সময় সংস্থাকে ওই মিটার পরীক্ষা করতে হয়, তখন তাতে ১৫-২০ ইউনিট উঠতে পারে। আবার অনেকসময় মিটার এক জায়গা থেকে এনে অন্য জায়গায় লাগানো হয়। সেক্ষেত্রেও মিটার রিডিং কিছুটা বেড়ে থাকতে পারে।
বৈদ্যুতিক জিনিস যত বেশি ব্যবহার করা হবে, মিটারের রিডিং তত বাড়তে থাকবে। আর মাস শেষে বর্তমান রিডিং থেকে আগের রিডিং বাদ দিয়ে মোট বিদ্যুৎ ব্যবহার বা ইউনিট নির্ধারণ করা হয়। ধরুন, গত মাসে মিটারের রিডিং ১২ হাজার ২০০ ইউনিট ছিল আপনার বাড়িতে। বর্তমানে সেটি ১২ হাজার ৫০০ ইউনিট দেখাচ্ছে। তাহলে এই সময়ে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ ৩০০ ইউনিট। এবার আপনার এলাকায় বিদ্যুতের ইউনিট কত, সেটা হিসেব করে নিন। অনেক সময় বিদ্যুতের বিলে লেখা থাকে ইউনিটের হিসেব।
গাড়ির ওডোমিটার যেমন গাড়িটি তৈরি হওয়ার পর থেকে কত কিলোমিটার চলেছে, তার হিসাব রাখে, বিদ্যুৎ মিটারও তেমনই মোট কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে, তার হিসাব রাখে। দুটোরই কাজ প্রায় একইরকম। ফলে মিটার দেখে বিদ্যুতের বিলের হিসেব করে ফেলা খুবই সহজ একটা কাজ।
(Feed Source: news18.com)
