জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২ বছর ছিলেন অন্তরালে। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করার পর, এবার শেখ হাসিনার প্রত্যপর্ণ চাইল বাংলাদেশ। অবস্থান স্পষ্ট করল ভারত। বিদেশর মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, প্রচলিত পদ্ধতি মেনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছি যে, ভারতের পক্ষ থেকে প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কোনও আপডেট বা নতুন তথ্য পাওয়া গেলে আমরা তা আপনাদের জানাব।”
এবারই কিন্তু প্রথম নয়। ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণের আর্জি জানিয়েছিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন আগের সরকারও। বলা হয়েছিল, ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে নৃশংস দমন-পীড়নের ঘটনায় ‘মানবতাবিরোধী অপরাধে’ দোষী সাব্যস্ত হয়েছেন হাসিনা। গত বছর হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মৃত্যুদণ্ড দিয়েছে দ্ধাপরাধ বিষয়ক আদালত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’।
জয়সওয়াল জানান, প্রধানমন্ত্রী রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে- একটি দ্বিপাক্ষিক সফরের জন্য এবং অন্যটি সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস (BRICS) সম্মেলনের ‘আউটরিচ’ বা বিশেষ অধিবেশনে যোগ দেওয়ার জন্য। ভারত ১২ ও ১৩ সেপ্টেম্বর বার্ষিক ব্রিকস সম্মেলনের আয়োজন করছে এবং এই বৈঠকে পশ্চিম এশিয়ার সঙ্কটের অর্থনৈতিক প্রভাব-সহ বিশ্বের বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনার আশা করা হচ্ছে।
(Feed Source: zeenews.com)