Maglev Train New Record: ৫ সেকেন্ডে ৮০০ কিলোমিটার!আবারও নিজের রেকর্ড ভাঙল চিনের ম্যাগলেভ

Maglev Train New Record: ৫ সেকেন্ডে ৮০০ কিলোমিটার!আবারও নিজের রেকর্ড ভাঙল চিনের ম্যাগলেভ

২০২৫ সালের জুন মাসে প্রথমবার পরীক্ষামূলক ভাবে ম্যাগলেভ ট্রেন ছুটিয়েছিল চিন৷ প্রথম দৌড়েই ৭ সেকেন্ডে ঘণ্টায় ৬৫০ কিলোমিটার গতি স্পর্শ করেছিল ম্যাগলেভ৷

গতির ঝড়, বিদ্যুতের ঝলক না কি অন্য কোনও বিশেষণ? চিনের নতুন ম্যাগলেভ ট্রেন যে নজির তৈরি করল, তাতে গতির ঝড়ের মতো শব্দবন্ধও হয়তো খুব সাদামাটা মনে হবে৷ কারণ মাত্র ৫.৩ সেকেন্ডে ০ থেকে ৮০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলে নিজেরই তৈরি করা রেকর্ড ভেঙে দিয়েছে চিনের এই বিস্ময় ট্রেন৷ এই নিয়ে গত ৬ মাসে তিন বার নিজেই নিজের রেকর্ড ভাঙল ম্যাগলেভ৷
তবে এই গতিতে অবশ্য পরীক্ষামূলক দৌড়েই ছুটেছে চিনের ম্যাগলেভ ট্রেন৷ হুবেই প্রদেশের ডোংঘু ল্যাবরেটরিতে ১ কিলোমিটারের পরীক্ষামূলক রেল ট্র্যাকে এই গতি স্পর্শ করেছে ম্যাগলেভ৷ চূড়ান্ত গতিতেও এই ট্রেন কতটা নিয়ন্ত্রণে থাকে, তা পরীক্ষা করতেই এই গতি তোলা হয়৷
২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রথম বার ম্যাগলেভ ট্রেন মাত্র ২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিলোমিটারের গতি স্পর্শ করেছিল৷ এর পর ১.১ টন ওজনের এই পরীক্ষামূলক ট্রেনটি ঘণ্টায় ৭৯৮ কিলোমিটার গতিতে ছুটেছিল৷ এবার সেই রেকর্ডও ভেঙে দিল ম্যাগলেভ৷
চৌম্বক শক্তিকে ব্যবহার করে রেল লাইনের সঙ্গে সরাসরি স্পর্শ এড়িয়ে গতির ঝড় তোলে ম্যাগলেভ৷ রেল পথ বরাবর পেতে রাখা চৌম্বক ক্ষেত্রগুলি এই ট্রেনকে রেল লাইনের সঙ্গে ঘর্ষণ এ়ড়িয়ে ভাসিয়ে রাখে৷ অন্যদিকে কয়েলের মাধ্যমে উৎপন্ন হওয়া তড়িৎ চুম্বকীয় শক্তির সাহায্যে এই ট্রেন সামনের দিকে এগিয়ে যায়৷
চিন এবং জাপানে ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করে যাত্রীবাহী ট্রেন চলছে৷ কিন্তু সেই সমস্ত ট্রেনের সর্বোচ্চ গতি পরীক্ষামূলক ট্রেনগুলির তুলনায় অনেকটাই কম৷ যাত্রী পরিষেবায় যুক্ত ম্যাগলেভ ট্রেনগুলি ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটারের আশেপাশের গতিতে চলে৷
যেহেতু এত তীব্র গতিতে এই ট্রেন ছোটে, ফলে ম্যাগলেভ ট্রেনের রেলপথে সামান্যতম বিচ্যুতিও বড় বিপদের কারণ হতে পারে৷ চিনের সরকারি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এই বিচ্যুতি ০.৫ মিলিমিটারের মধ্যেই রাখতে হয়৷
তবে এবারের পরীক্ষায় শুধুমাত্র সর্বোচ্চ গতি ছোঁয়াই লক্ষ্য ছিল না চিনা প্রযুক্তিবিদ এবং গবেষকদের৷ তাঁরা দেখতে চেয়েছিলেন চোখের নিমেষে গতির ঝড় তুলেও ম্যাগলেভ কতটা নিয়ন্ত্রণে থাকছে৷
তবে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতি স্পর্শ করার পরেও মাত্র ২০০ মিটারের মধ্যেই ম্যাগলেভকে থামিয়ে দেওয়াও সম্ভব হয়েছে!
(Feed Source: news18.com)