
হিট সিরিয়ালের পরিচালকের উপর নির্ভর করতে পারেননি প্রযোজকরা, দামু ছবি তৈরি করতে বহু কাঠখড় পোড়াতে হয়েছিল পরিচালক রাজা সেনকে৷ এই ছবিই তাঁকে এনে দিয়েছেল জতীয় পুরস্কার৷
কলকাতা: সুবর্ণলতা, আদর্শ হিন্দু হোটেল, আরোগ্য নিকেতনের মতো জনপ্রিয় ধারাবাহিকের জনক তিনি৷ দূরদর্শনে সেই সময় পরিচালক রাজা সেন পরিচালিত এই ধারাবাহিকগুলো ছিল অত্যন্ত হিট৷ তাঁর পরিচালনায় মুগ্ধ ছিল বাঙালি দর্শক৷ কিন্তু সিরিয়ালের বাইরে তিনি যখন সিনেমা তৈরি করার সিদ্ধান্ত নেন, তখন কোনও প্রযোজক তাঁর উপর নির্ভর করতে পারছিলেন না বড়পর্দায় কাজের জন্য৷ যদিও শেষ পর্যন্ত দামু ছবিটা তিনি তৈরি করেন৷ কিন্তু সেই দামু তৈরি করতে গিয়ে অনেক সমস্যার মুখে পড়েন রাজা সেন৷
একটি সাক্ষাৎকারে পরিচালক নিজে জানিয়েছিলেন যে, প্রথমত যিনি ছবির জন্য টাকা দেবেন বলেছিলেন, অর্থাৎ ফিনানসার বা প্রযোজক, তিনি সময় মতো টাকা দেননি৷ ফলে স্বাভাবিক ভাবে শ্যুটি করতে গিয়ে বিপদে পড়েছিলেন পরিচালক রাজা সেন৷ পটাইচোরের দৃশ্য, জমিদার বাড়িতে শ্যুটিং-এর দৃশ্য ছিল৷ রাজবাড়ির ভিতরে একটি সিন শ্যুট করার কথা ছিল৷ বাড়ির ভিতরে শ্যুটিং করার জন্য প্রয়োজন ছিল লাইটের৷ জেনারেটর ছিল, কিন্তু তেলের অভাবে তা চালু করা যায়নি৷ ফলে আলো জ্বালানো যায়নি সেই দৃশ্যের জন্য৷ তখন রাজবাড়ির ভিতরের দৃশ্যটি, রাজবাড়ির বাইরে শ্যুট করার সিদ্ধান্ত নেন রাজা সেন৷ সেই শ্যুটিং হয়েছিল বোলপুরে৷ এভাবে প্রথম ছবির জন্য অনেক দিক মানিয়ে নিতে হয়েছিল পরিচালককে৷
