
Job News: একাধিক পদে চাকরির সুযোগ, অধ্যাপক থেকে ল্যাবরেটরি স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ বাংলার এই ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ায় চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, ল্যাবরেটরি স্টাফ এবং প্রশাসনিক কর্মী পদে নিয়োগ করা হবে।
দীর্ঘদিন ধরে শিক্ষা ও কারিগরি ক্ষেত্রে কাজ করা এই প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রের পরিকাঠামো এবং পরিষেবা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ইঞ্জিনিয়ারিং ও শিক্ষাক্ষেত্রে যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা চাকরিপ্রার্থীদের কাছে এই নিয়োগের সুযোগ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, নিয়োগের ক্ষেত্রে AICTE এবং MAKAUT-এর নিয়ম ও মানদণ্ড অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট পদগুলির জন্য প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে শিক্ষকতার পদগুলিতে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রাসঙ্গিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন।
তবে কোন পদের জন্য কী নির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন, তা প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা দেখে জানার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শশাঙ্ক দত্ত বলেন, “আমাদের কলেজের ফ্যাকাল্টি এবং কর্তৃপক্ষের একটি উদ্দেশ্য বাঁকুড়ার ছাত্র-ছাত্রীদেরকে সুলভে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ দেওয়া। এর পাশাপাশি আমরা কর্মসংস্থানও দিয়ে থাকি।”
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং AICTE অনুমোদিত এবং MAKAUT, West Bengal-এর সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানের তরফে দাবি করা হয়েছে, আধুনিক পরিকাঠামো, গবেষণা ও উদ্ভাবন, ছাত্রকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা এবং কর্মক্ষেত্রে উন্নতির সুযোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা এবং প্লেসমেন্ট সহায়তা দেওয়ার দিকেও নজর রয়েছে। নতুন নিয়োগের ফলে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কাজের পরিধি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিজেদের বিস্তারিত CV পাঠানোর জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে academics@buie.ac.in ই-মেল ঠিকানা দেওয়া হয়েছে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত আরও তথ্যের জন্য প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট www.buie.ac.in দেখার কথা জানানো হয়েছে। বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানে একাধিক পদে নিয়োগের খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় শিক্ষিত চাকরিপ্রার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের পদভেদে প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
(Feed Source: news18.com)
