
DA Supreme Court: বকেয়া DA খাতে ইতিমধ্যেই ৭৭০০ কোটি টাকা রিলিজ, শীর্ষ আদালতকে জানিয়ে দিল রাজ্য, সওয়ালে কী বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? কী বললেন বিচারপতিরা?
নয়াদিল্লি : রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা মামলায় বড় আপডেট। সুপ্রিম কোর্টে রাজ্য জানাল ৬৫% বকেয়া DA দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাকি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বকেয়া ডিএ খাতে এখনও পর্যন্ত ৭৭০০ কোটি টাকা রিলিজ করেছে রাজ্য। এমনটাই রাজ্যের তরফে জানানো হল সর্বোচ্চ আদালতে। রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান- ৬৫% ডিএ দেওয়া হয়ে গিয়েছে। বাকি DA প্রসেসে রয়েছে।
আবেদনকারীদের একাংশের আপত্তি রয়েছে DA -এর হিসেব নিয়ে। মামলায় আজ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়— ইন্দু মালহোত্রর বেঞ্চে গিয়ে তাঁদের বক্তব্য জানাতে। কোন দলের তরফে কারা যাবেন, সেই নামের তালিকা আগামিকাল, বুধবার সর্বোচ্চ আদালতে জমা দিতে হবে সব পক্ষকে।
এদিনের শুনানি ছিল ঘটনাবহুল। শুনানিতে আইনজীবী করুণা নন্দী প্রথমে জানান— গ্রুপ এ-সহ কিছু অংশকে ডিএর টাকা দেওয়া হয়েছে কিন্তু সেটা পিএফ অ্যাকাউন্টে ২৪ মাসের জন্য লক ইন করে দেওয়া হয়েছে। বিচারপতি পিকে মিশ্র রাজ্যের কাছে জানতে চান— এই লক ইনের বিষয়টি তাঁদের রায়ে কোথায় উল্লেখ করা ছিল কিনা? তাতে রাজ্যের তরফে আবেদনকারীদের পৃথক আইএ ফাইল করার অনুরোধ জানানো হয় যাতে তাঁরা জবাব দিতে পারেন।
অন্যদিকে সওয়ালে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য উল্লেখ করেন— “ডিএর সামান্য অংশ দেওয়া হয়েছে, তাও সবাই তা পাননি।” বিচারপতি জানতে চান, “৭০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এটা তো ঠিক?” উত্তরে রাজ্যের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ৭৭০০ কোটি টাকা ছাড়া হয়েছে।” কর্মচারীদের কনফেডারেশন আইনজীবী রউফ রহিম বলেন, “এখনও ৪০০০০ কোটি টাকা বকেয়া।” যদিও এর পরিপ্রেক্ষিতে বিচারপতিরা উল্লেখ করেন, ৭৭০০ কোটি টাকা যে রিলিজ করা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ।
বিচারপতি সঞ্জয় কারল তাঁর পর্যবেক্ষণে বলেন, “কিছু জন পেয়েছে কিছু জন পায়নি। এতে কী যায় আসে।” অন্যদিকে কর্মচারীদের একাংশের আইনজীবী করুনা নন্দী তাঁর সওয়ালে দাবি করেন, “দেওয়া হয়েছে। আমাদের অ্যাকাউন্টে কিছুই ঢোকেনি। প্রভিডেন্ট ফান্ড ২৪ মাসের পিরিয়ড।” বিচারপতি সঞ্জয় কারল বলেন, “আমরা করতে পারি যেটা, তা হল, আমরা বলতে পারি, যারা পাননি তাদের নামের তালিকা কমিটির কাছে দিন। বকেয়া DA দেওয়া এখন চলমান প্রক্রিয়া। সেখানে সমস্যা জানানো হোক।” ডিএ মামলার পরবর্তী শুনানি আগামিকাল বুধবার দুপুর দুটোয়।
(Feed Source: news18.com)
