
Vaibhav Sooryavanshi: জিম্বাবোয়ে সফরের পর এখন অনুশীলনে ব্যস্ত রয়েছেন ভারতীয় দলের তরুণ তারকা বৈভব সূর্যবংশী। এবার অপেক্ষায় অবসান হতে চলেছে বৈভব ভক্তদের।
ভারতীয় ক্রিকেটের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশীকে আবারও ব্যাট হাতে দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। এখনও পর্যন্ত আইপিএল, ঘরোয়া ক্রিকেট আর জাতীয় দলের জার্সি গায়ে অল্প সময়েই সকলের মন জয় করে নিয়েছেন ১৫ বছরের খুদে তারকা। এবার তাতে দলীপ ট্রফিকতে দেখা যাবে। শুধু ব্যাটিং নয়, তাঁর মধ্যে অধিনায়কত্বের গুণ রয়েছে কিনা তাও জানা যাবে আসন্ন দলীপ ট্রফিতে। পূর্বাঞ্চলের সহ অধিনায়কত্বের ভূমিকায় দেখা যাবে বৈভবকে।
দলীপ ট্রফি ২০২৬-এ ঐতিহ্য মেনে মোট ৬টি অঞ্চল—নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল এবং নর্থ ইস্ট জোন প্রতিদ্বন্দ্বিতা করবে। ইস্ট জোন দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণকে, আর তাঁর ছায়াসঙ্গী হিসেবে সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন বৈভব। ২৩ অগাস্ট নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে ইস্ট জোন।
১৫ বছরের বৈভবের সামনে সিনিয়র আন্তর্জাতিক তারকাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার এক দারুণ সুযোগ। ইস্ট জোন দলে রয়েছেন মহম্মদ শামি, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরন, শাহবাজ আহমেদ এবং অনুকূল রায়ের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়েরা। সিনিয়রদের এই সান্নিধ্য তরুণ বৈভবের আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেটের পাঠ নিতে বিশেষভাবে সাহায্য করবে।
দলীপ ট্রফিতে ঘোষিত ১৫ সদস্যের পূর্ণাঙ্গ ইস্ট জোন দলটি হলো: ঈশান কিষাণ (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, সূরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ শামি, মুকেশ কুমার, কুমার কুশাগ্র, শিখর মোহন, অনুকূল রায়, বিরাট সিং, শুভ্রাংশু সেনাপতি, দেনিশ দাস এবং অভিজিৎ সরকার।
এর আগে ঘরোয়া টুর্নামেন্টে নিজের তাণ্ডব ব্যাটিং দিয়ে ঝড় তোলা বৈভব সূর্যবংশী এশিয়ান গেমস ২০২৬-এর জন্য ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন। ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দলের ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার ঠিক আগেই দলীপ ট্রফিতে তাঁর এই নতুন দায়িত্ব ভারতীয় ক্রিকেটে বৈভবের উজ্জ্বল ভবিষ্যতের বার্তা দেয়।
(Feed Source: news18.com)
