
Green Urea: দূষণকারী কার্বন ডাই-অক্সাইডকে রূপান্তরিত করে ‘গ্রিন ইউরিয়া’ তৈরির অভিনব প্রযুক্তি উদ্ভাবন করলেন বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের গবেষকরা। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পাশাপাশি পোর্টেবল কিট তৈরির প্রয়াস চলছে। এই প্রয়াসের ফলে কার্বনকে পরিবেশবান্ধব ‘গ্রিন ইউরিয়া’ সারে রূপান্তর করা সম্ভব হবে।
বেলুড়, হাওড়া, রাকেশ মাইতি: কার্বন ডাই-অক্সাইড থেকেই ‘গ্রিন ইউরিয়া’, পরিবেশ রক্ষা ও কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছেন বাংলার গবেষকরা। বাংলায় এখন ঘোর বর্ষা। অথচ প্রবল দাবদাহে পুড়ছে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল ও ইংল্যান্ড। কয়েক দিন আগেই ভারতজুড়েও আমরা অনুভব করেছি তীব্র গরমের দাপট। আবহাওয়ার এই চরম পরিবর্তনের অন্যতম কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড সহ গ্রিনহাউস গ্যাসের ক্রমবর্ধমান পরিমাণ। কার্বন নিঃসরণ কমান এবং নির্গত কার্বন ডাই-অক্সাইড কার্যকরভাবে পুনর্ব্যবহারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের বাজেটে ‘কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ’ বা CCUS মিশনের ঘোষণা করেছে।
এই প্রেক্ষাপটে পরিবেশ রক্ষা এবং কৃষিক্ষেত্রে স্বনির্ভরতার নতুন সম্ভাবনা দেখাচ্ছেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের গবেষকেরা। ড. উত্তম কুমার ঘোড়াইয়ের নেতৃত্বে গবেষক দলটি এমন একটি ইলেকট্রোক্যাটালিটিক পদ্ধতি উদ্ভাবন করেছে, যার মাধ্যমে পরিবেশদূষণকারী কার্বন ডাই-অক্সাইডকে ব্যবহার করে পরিবেশবান্ধব ‘গ্রিন ইউরিয়া’ সার তৈরি করা সম্ভব। এই প্রযুক্তির অন্যতম লক্ষ্য শিল্পক্ষেত্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইডকে মূল্যবান কৃষি উপকরণে রূপান্তর করা। এই বিষয়ে বিদ্যামন্দিরের গবেষক দলের একাধিক গবেষণাপত্র ইতিমধ্যেই রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি এবং উইলি প্রকাশনা গোষ্ঠীর বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে।
সম্প্রতি তাঁদের গবেষণা বিশ্বের অন্যতম মর্যাদা পূর্ণ রসায়নবিষয়ক পত্রিকা রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির কেমিক্যাল সোসাইটি রিভিউজে-ও প্রকাশের জন্য গৃহীত হয়েছে। আন্তর্জাতিক স্তরের এই স্বীকৃতি গ্রিন ইউরিয়া নিয়ে তাঁদের গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং বৃহত্তর গবেষণা-সহযোগিতা গড়ে তুলতে সাহায্য করবে। গবেষকদের দাবি, প্রযুক্তিটি বাণিজ্যিক স্তরে সফলভাবে প্রয়োগ করা গেলে ভারতের ইউরিয়া আমদানির ওপর নির্ভরতা অনেকটাই কমান সম্ভব হতে পারে। প্রচলিত বৃহৎ ইউরিয়া উৎপাদন ব্যবস্থার তুলনায় এই প্রক্রিয়ায় বিশাল জমি বা ভারী যন্ত্রপাতির প্রয়োজন হবে না।
(Feed Source: news18.com)
