খাবার খাওয়ার পর বমি, অচেতন হয়ে মৃত্যু ৫ বছরের শিশুর… হাসপাতালে পরিবারের বাকিরাও! সুরাতে রেস্তরাঁ সিল

খাবার খাওয়ার পর বমি, অচেতন হয়ে মৃত্যু ৫ বছরের শিশুর… হাসপাতালে পরিবারের বাকিরাও! সুরাতে রেস্তরাঁ সিল

গুজরাটের সুরতে রেস্তরাঁর খাবার খেয়ে অসুস্থ পরিবারের পাঁচ সদস্য। ৫ বছরের শিশুর মৃত্যু। রান্নাঘরে পরিচ্ছন্নতার গাফিলতি মেলায় রেস্তরাঁ সিল করে খাবারের নমুনা সংগ্রহ সুরত পুরসভার।

সুরাত: রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করে খাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুকন্যার। একই ঘটনায় পরিবারের আরও চার সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি গুজরাটের সুরতের বরাছা এলাকার। জানা গিয়েছে, গত ১৫ অগস্ট বরাছার শীতল রেস্তরাঁ থেকে একটি সব্জির পদ অর্ডার করে ওই পরিবার। পরের দিন থেকেই পরিবারের পাঁচ সদস্যের বমি-সহ খাবারে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয় বলে প্রশাসন সূত্রে খবর।
এরপর ১৭ অগাস্ট ওই শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির দেহের ময়নাতদন্ত চলছে। পরিবারের মধ্যে শিশুটির বাবা ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে তার মা এবং আরও দুই সন্তান এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে।
রান্নাঘরে পরিচ্ছন্নতার গাফিলতি, রেস্তরাঁ সিল
ঘটনার পর তদন্তে নামে সুরত মিউনিসিপ্যাল কর্পোরেশন। রেস্তরাঁর রান্নাঘরে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বেশ কিছু গাফিলতি নজরে আসে বলে পুরসভা সূত্রে খবর। এরপরই রেস্তরাঁটি সিল করে দেওয়া হয়।
রেস্তরাঁ থেকে তৈরি খাবার এবং কাঁচামালের নমুনাও সংগ্রহ করেছেন আধিকারিকরা। সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সুরাত পুরসভার মেডিক্যাল হেলথ অফিসার পি এইচ উমরিগর জানান, বরাছা এলাকার ওই রেস্তরাঁ থেকে তৈরি খাবার ও কাঁচামালের নমুনা সংগ্রহ করা হয়েছে। রান্নাঘরে পরিচ্ছন্নতার ঘাটতি ধরা পড়ার পর রেস্তরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং উন্নতির জন্য নোটিস দেওয়া হয়েছে।
সুরাতে শুরু বিশেষ অভিযান
ঘটনাটি নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পনশেরিয়া প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। জেলা স্বাস্থ্য আধিকারিক এবং সুরত পুরসভার আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ঘটনার বিস্তারিত তথ্য নেন তিনি। একইসঙ্গে আক্রান্ত পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন।হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নিতে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মৃত শিশুটির পরিবারের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানান তিনি। এরপর মন্ত্রীর নির্দেশে সুরতের সমস্ত জোনে বিশেষ অভিযান শুরু করেছে পুরসভা। বিভিন্ন রেস্তরাঁয় পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং খাদ্য নিরাপত্তার নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
(Feed Source: news18.com)
খাবার খাওয়ার পর বমি, অচেতন হয়ে মৃত্যু ৫ বছরের শিশুর… হাসপাতালে পরিবারের বাকিরাও! সুরাতে রেস্তরাঁ সিল