জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৫ সেকন্ডে ৮০০ কিমি! গতির দুনিয়ায় অসাধারণ ঘটনা! নিজেদের রেকর্ড অবশ্য নিজেই ভাঙল চিন। বুলেট ট্রেনে তারা গড়ল নতুন রেকর্ড। চিনা গবেষকদের উদ্ভাবন– মাত্র ৫.৩ সেকেন্ডে চিনের ম্যাগলেভ বুলেট ট্রেন স্পর্শ করল ৮০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ। গত ছয় মাসের এই নিয়ে তৃতীয়বার নিজেদের রেকর্ড ভাঙল চিন। এটি অবশ্য যাত্রীবাহী ট্রেন নয়, এটি একেইবারেই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
৩২০-৩৫০-৮০০
বর্তমানে চিন ও জাপানে ব্যবহৃত ম্যাগলেভ ট্রেনগুলি সাধারণত ঘণ্টায় প্রায় ৩২০ কিলোমিটার গতিতে চলে। অন্য দিকে, চিনের দ্রুততম বাণিজ্যিক হাই-স্পিড ট্রেন ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে। চিনের আধুনিক ম্যাগলেভ বুলেট ট্রেন সেখানে ঘণ্টায় ৮০০ কিমি প্রতি ঘণ্টা। জানা গিয়েছে, চিনের হুবেই প্রদেশের দংহু ল্যাবরেটরির ১ কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে ১.১ টনের বুলেট চালানো হয়। সেখানেই পরীক্ষামূলক ট্রেনটি ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছয়।
আগে এই বুলেট ট্রেনটি ঘণ্টায় ৭৯৮ কিলোমিটার গতি অর্জন করে নিজের রেকর্ড ভেঙেছিল। তারও আগে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে মাত্র ২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতি অর্জন করেছিল। ২০২৫ সালের জুন মাসে প্রথমবার এই ম্যাগলেভ ট্রেনের পরীক্ষা করা হয়। সেই সময় মাত্র ৭ সেকেন্ডে ঘণ্টায় ৬৫০ কিলোমিটার গতি অর্জন করেছিল এটি।
কী ভাবে কাজ করে ম্যাগলেভ ট্রেন? এই প্রযুক্তিতে ট্রেনের সঙ্গে রেল ট্র্যাকের সরাসরি কোনও যোগ থাকে না। শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সাহায্যে ট্রেনকে রেললাইনের উপর ভাসিয়ে রাখা হয়। ফলে চাকার সঙ্গে রেলের সংঘর্ষ হয় না। আসলে ম্যাগলেভের চাকা থাকে না। ট্রেন চলে ইলেক্ট্রো ম্যাগনেটিক সিস্টেমে। রেল ট্র্যাকের চুম্বক ট্রেনকে সামনের দিকে টেনে নিয়ে যায়। ওদিকে আবার ট্রেনের শক্তিশালী চুম্বক পিছন দিক থেকে ঠেলা দেয়।
এই জোড়া চুম্বকের শক্তিতেই ট্রেন হাওয়ায় ভেসে এগিয়ে যায়।
দ্রুত গতি, কিন্তু নিয়ন্ত্রিত
শুধু দ্রুত গতিতে পৌঁছনোই নয়, গতি থেকে নেমে আসার ক্ষেত্রেও ব্যতিক্রমী এই ট্রেন। পরীক্ষায় দেখা গিয়েছে, ব্রেক কষার সময়ে মাত্র ২০০ মিটারের মধ্যে ট্রেনের বেগ শূন্যে নেমে এল!
(Feed Source: zeenews.com)