
যদিও বুধবার আমস্তালভিনে ভারতের জয় সহজে আসেনি। বরং পাকিস্তানের বিরুদ্ধে চোয়াল শক্ত করে লড়াই করতে হল হরমনপ্রীত সিংহ ও তাঁর দলকে। ভারত অধিনায়ক নিজে করলেন ২ গোল। সঙ্গে অভিষেক ১ গোল করায় শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। তবে হাল ছাড়েনি পাকিস্তান। এরপরই ম্যাচে ফেরে তারা। হান্নান শাহিদের জোড়া গোল ও সুফিয়ান খানের গোল পাকিস্তানকে ম্যাচে ফিরিয়েছিল। তবে হার্দিক সিংহের পেনাল্টি স্ট্রোক থেকে করা গোলে নিশ্চিত হয়ে যায় যে, ম্যাচ জিতে মাঠ ছাড়বে ভারত।
এই ম্যাচ জিতে গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসাবে দ্বিতীয় রাউন্ডে গেল ভারত। ইংল্যান্ডের সঙ্গে। পুল ডি-র অন্য ম্যাচে বুধবার ওয়েলসকে ৮-২ গোলে উড়িয়ে গিয়েছে ইংল্যান্ড। পরের রাউন্ডে ভারতের লড়াই সহজ হবে না। সেখানে ভারতকে খেলতে হবে নেদারল্যান্ডস এবং আর্জেন্তিনা ও নিউজ়িল্যান্ডের মধ্যে কোনও এক দলের বিরুদ্ধে। হকিতে প্রত্যেকেই কঠিন প্রতিপক্ষ। বৃহস্পতিবার ভারতের পরের ম্যাচ।
পাকিস্তান ম্যাচের আগে পি আর শ্রীজেশ জানিয়েছিলেন, অতিরিক্ত রক্ষণাত্মক খেলা দেখতে চান না। এই পাকিস্তানকে শেষ সাক্ষাতে ৭-১ গোলে হারিয়েছিল ভারত। বুধবার কানায় কানায় ভরা ওয়াগেনার স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখাক ভারত, চেয়েছিলেন ভক্ত ও সমর্থকেরা। ম্যাচে শুরু থেকে দাপট দেখায় ভারত। পঞ্চম মিনিটে দুটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। ভুল করেননি হরমনপ্রীত। ১-০ এগিয়ে যায় ভারত।
এরপর গোল করে ২-০ করেন অভিষেক। দ্বিতীয় কোয়ার্টারে ৩-০ করেন হরমনপ্রীত। তবে শাহিদ হান্নানের শট ভারতীয় প্লেয়ারের গায়ে লেগে গোলে ঢুকে যায়। ৩-১ করে পাকিস্তান। অভিষেক ফের গোল করে ৪-১ এগিয়ে দেন ভারতকে। পেনাল্টি কর্নার থেকে ৪-২ করে পাকিস্তান। প্রথমার্ধ শেষ হয় সেই স্কোরে।
দ্বিতীয়ার্ধে হার্দিক সিংহ পেনাল্টি থেকে গোল করে ৫-২ করেন। হান্নান ৫-৩ করলেও, ম্যাচের রং পাল্টায়নি। গত ১০ বছরে ১৯ বারের সাক্ষাতে ১৭ বার পাকিস্তানকে হারিয়েছে ভারত। ২ ম্যাচ ড্র হয়েছে। সেই দাপটই বজায় রইল বুধবার।
(Feed Source: abplive.com)
