টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে… বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের

টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে… বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের

 

মুম্বই: তিনি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। ব্যাট হাতে এমনই ভরসা দিতেন যে, গোটা বিশ্ব তাঁকে ‘দ্য ওয়াল’, ‘মিস্টার ডিপেন্ডেবল’ নামে কুর্নিশ করত। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে এসেও সফল। সেই রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবার এমন একজনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন, যাকে বিশ্ব ক্রিকেটের নতুন বিস্ময় কিশোর বলা হচ্ছে। বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।

দ্রাবিড়ের মতে, টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলতে পারে বৈভব। তবে প্রাক্তন ভারত অধিনায়কের পরামর্শ, লাল বলের ক্রিকেটে বৈভবকে খেলানো নিয়ে সতর্কভাবে এগোতে হবে।

কাল থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। পূর্বাঞ্চল দলের সহ অধিনায়ক বৈভব। সাদা বলের ক্রিকেটে আগেই ছাপ ফেলেছে বৈভব। এবার লাল বলের ক্রিকেটেও নিজেকে মেলে ধরার সুযোগ পাবে। ২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ থাকাকালীন বৈভবকে প্রশিক্ষণ দিয়েছেন দ্রাবিড়। তাঁর মতে, সব ফর্ম্যাটে নিজেকে মেলে ধরার জন্য বৈভব কতটা ভারসাম্য দেখাতে পারবে, সেটাই তার কেরিয়ার গড়ে দিতে পারে।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো-কে দ্রাবিড় বলেছেন, ‘আশা করছি সাদা বলের ক্রিকেটে ও যেভাবে পারফর্ম করেছে, সেটা ধরে রাখতে পারলে লাল বলের ক্রিকেটেও ও ভাল করবে। এবং গোটা বিশ্ব ক্রিকেটের জন্যই সেটা উত্তেজক হবে।’

লাল বলের ক্রিকেটে এখনও বলার মতো কিছু করেনি বৈভব। আটটি প্রথম শ্রেণির ম্যাচে মাত্র ১৭.২৫ গড়ে রান করেছে। দলীপ ট্রফিতে নিজেকে লাল বলেও প্রমাণ করার সুযোগ পাচ্ছে বৈভব। ভাল খেলতে পারলে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় এ দলে সুযোগ পেতে পারে বৈভব। প্রচুর টি-২০ ক্রিকেট খেলানোর থেকে যে লাল বলের ক্রিকেটে আরও সুযোগ বৈভবের কেরিয়ারে ভারসাম্য আনার জন্য জরুরি, মনে করেন দ্রাবিড়।

দ্রাবিড় বলেছেন, ‘সব সময় ভারসাম্য রাখাটা জরুরি। বৈভব যে আইপিএলে সাদা বলের ক্রিকেটে খেলার পর্যাপ্ত সুযোগ পাচ্ছে, সেটা ওর কাছে দারুণ অভিজ্ঞতা। তবে ভারতের ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফর্ম্যাটে ও নিজেকে তৈরি করার আরও সুযোগ পাচ্ছে।’

লাল বলের ক্রিকেটে দীর্ঘ সময় ক্রিজে থেকে ইনিংস তৈরি করার শর্ত মেনে চলতে হয়। দ্রাবিড় বলেছেন, ‘ভাল জিনিস হল যে ও সময় পাচ্ছে। ওর অভিজ্ঞতা তৈরি হবে। লাল বলের ক্রিকেটে খেলার সুযোগ ও পাচ্ছে। ও সাদা বলের ক্রিকেটে যতটা সুযোগ পেয়েছে, লাল বলের ক্রিকেটে তা পায়নি।’

দ্রাবিড় আরও বলেছেন, ‘ওর বয়স মাত্র ১৫ বছর। ওকে আরও সময় দিতে হবে আর ধৈর্য ধরতে হবে। ও শুরুতেই সাফল্য পেয়েছে। তবে ওকে অনেক চড়াই উৎরাই পেরতে হবে। আশা করছি লোকে ওকে নিয়ে ধৈর্য ধরবে। আমরা সকলেই চাই টেস্ট ক্রিকেট বাঁচুক। আর তার জন্য ওর মতো ক্রিকেটারকে দরকার। বৈভব টি-২০ না খেলে ভারতের ঘরের মাটিতে লাল বলের ক্রিকেট খেলছে। ও বড় হচ্ছে। লাল বলের ক্রিকেটেও ওর দক্ষতা তৈরি হচ্ছে।’

(Feed Source: abplive.com)