)
Bangladesh Hindu killings: স্ত্রী ও মেয়েকে ধর্ষণ করে খুন। একদল দুষ্কৃতকারী বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক, তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন। তারেকের বাংলাদেশের রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকেই খুন। স্ত্রী ও মেয়েকে ধর্ষণ করে খুন। খুন অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর শিশুপুত্রকেও। রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে খুনের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সমালোচনায় সরব মানবাধিকার সংগঠন। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে।
রংপুরে নৃশংস হত্যাকাণ্ড
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একদল দুষ্কৃতকারী বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক, তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করে। খুনের আগে স্ত্রী ও মেয়েকে ধর্ষণও করে। রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে। তিনতলা বাড়ির দোতলা থেকে উদ্ধার হয় পুরো পরিবারের দেহ। মৃতরা হলেন গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে আয়ুষ চক্রবর্তী (১২) ও মেয়ে আগামী চক্রবর্তী (২৫)। শনিবার রাতে ঘর থেকে নিহতদের দেহ উদ্ধার করে পুলিস। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। হত্যাকাণ্ডের তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের পিছনে কে বা কারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিস।
রংপুর সিআইডি পুলিসের পরিদর্শক আবু হাসান কবির জানান, পুরো ভবনে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। তাঁদের কেউ হত্যা করেছে। তিনতলা ভবনের দ্বিতীয় তলায় পুরো পরিবার থাকত। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি এ কে এম নাজমুল কাদের বলেন, মনে করা হচ্ছে যে, দু-তিন দিন আগে ওই হত্যার ঘটনা ঘটেছে।
সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা, মানবাধিকার লংঘনের অভিযোগ
প্রসঙ্গত, বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল, মন্দির ভাঙচুর ও তাদের উপর আক্রমণের একাধিক ঘটনা সামনে এসেছে। শিক্ষক পরিবারের চারজনকে একযোগে খুনের এই ঘটনা ফের বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এই ঘটনা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন বাংলাদেশের হিন্দুরা। বিভিন্ন মানবাধিকার সংগঠন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে। প্রতিবাদ জানিয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদও হচ্ছে।
(Feed Source: zeenews.com)
