বিয়ের আচার থামিয়ে ছুটলেন চিকিৎসায়, কেরলের ডাক্তার-বউয়ের মানবিকতায় মুগ্ধ নেটপাড়া

বিয়ের আচার থামিয়ে ছুটলেন চিকিৎসায়, কেরলের ডাক্তার-বউয়ের মানবিকতায় মুগ্ধ নেটপাড়া

বিয়ের সাজে চিকিৎসকের ভূমিকা পালন করার এই ব্যতিক্রমী মুহূর্তই এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রে।

কেরল: নিজের বিয়ের অনুষ্ঠান। চারপাশে সাজসজ্জা, অতিথিদের ভিড়, চলছে বিয়ের আচার। এমন সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন ক্যাটারিং দলের দুই মহিলা কর্মী। একজনের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, অন্যজনের মাথা ঘুরছিল বলে জানা যায়। পরিস্থিতি দেখে সাহায্যের জন্য ডাকা হয় পেশায় চিকিৎসক কনে শিরিন সুবাইরকে।
এক মুহূর্ত দেরি না করে বিয়ের আচার থামিয়ে অসুস্থ দুই মহিলার কাছে ছুটে যান শিরিন। তখনও তাঁর পরনে বিয়ের সাজ। সেই অবস্থাতেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করেন তিনি এবং প্রয়োজনীয় সাহায্য করেন। বিয়ের অনুষ্ঠান চলাকালীন চিকিৎসকের এই দায়িত্ববোধের ভিডিওই পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।ঘটনাটি কেরলের কান্নুরে শিরিনের বিয়ের অনুষ্ঠানে ঘটেছে বলে জানা গিয়েছে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে যখন দুই ক্যাটারিং কর্মী অসুস্থ হয়ে পড়েন, তখন তাঁরা জানতে পারেন যে কনে নিজেই একজন চিকিৎসক। এরপরই শিরিনকে সাহায্যের জন্য ডাকা হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে থাকা শিরিন অসুস্থ দুই মহিলার দেখভাল করছেন। নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও পেশাগত দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রশংসায় ভাসছেন তিনি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ তাঁকে ‘Once a doctor, always a doctor’ বলে প্রশংসা করেছেন। কেউ তাঁর এই উদ্যোগকে মানবিকতার দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন, আবার কেউ বলেছেন, নিজের বিয়ের দিনেও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে শিরিন চিকিৎসক হিসেবে তাঁর দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। এক নেটিজেন লেখেন, “একজন চিকিৎসক সবসময়ই চিকিৎসক।” অন্য একজনের কথায়, বিয়ের মতো বিশেষ মুহূর্তেও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত পেশাদারিত্বের পরিচয়।শিরিনের এই আচরণকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রশংসার ঝড় উঠেছে।
(Feed Source: news18.com)
বিয়ের আচার থামিয়ে ছুটলেন চিকিৎসায়, কেরলের ডাক্তার-বউয়ের মানবিকতায় মুগ্ধ নেটপাড়া