)
Joyjit Banerjee: রাতের কলকাতায় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল টলিউড অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। গতিবেগে আসা বেপরোয়া এক লরির ধাক্কায় ক্ষতিগ্রস্থ হয় ডান দিক। মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেলেও, ঘটনার পর পুলিসের পদক্ষেপে জন্ম নিয়েছে নতুন বিতর্ক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টালিগঞ্জে বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষায় জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, ক্ষোভ প্রকাশ পুলিসের ভূমিকা নিয়ে। রাতের কলকাতায় ফের বেপরোয়া গতির বলি হতে হতে অল্পের জন্য রক্ষা পেলেন টলিউডের পরিচিত অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জের করুণাময়ী ব্রিজে একটি দ্রুতগামী ও বেসামাল লরির ধাক্কায় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতার গাড়ি। দুর্ঘটনায় গাড়িটির ডানদিক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কপালজোরে বড়সড় শারীরিক আঘাতের হাত থেকে বেঁচে গিয়েছেন অভিনেতা ও তাঁর চালক।
বুধবার রাতে শ্যুটিংয়ের কাজ শেষ করে নিজের গাড়িতে চেপে বাড়ির দিকে ফিরছিলেন জয়জিৎ। টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ থেকে নেমে হরিদেবপুরের দিকে যাওয়ার সময় আচমকাই উল্টো দিক থেকে আসা একটি দ্রতগামী লরি বেপরোয়াভাবে এসে তাঁর গাড়ির ডান দিকে সজোরে ধাক্কা মেরে ঘষে বেরিয়ে যায়। জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁদের গাড়িটি অত্যন্ত ধীরগতিতে নির্দিষ্ট লেন ধরেই চলছিল। কিন্তু লরিটির চালকের গতিবিধি এবং গাড়ি চালানোর ধরন দেখে মনে হচ্ছিল তিনি কোনওভাবেই প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। ফাঁকা রাস্তায় গাড়িটি অত্যন্ত বেসামাল ছিল।
ঘটনার সময় চালকের পাশের আসনেই বসেছিলেন জয়জিৎ। অভিনেতার মতে, ভাগ্যক্রমে পিছনের আসনে কেউ বসে ছিলেন না, নাহলে বড় ধরনের প্রাণহানি বা মারাত্মক শারীরিক চোট লাগতে পারত। দুর্ঘটনার ফলে মানসিকভাবে বড় ধাক্কা পেলেও শারীরিকভাবে তিনি ও তাঁর চালক সুরক্ষিত রয়েছেন।
পুলিসের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন
ঘটনার পর পরই বিচার এবং ব্যবস্থা নেওয়ার আর্জি নিয়ে নিকটবর্তী হরিদেবপুর থানায় যান জয়জিৎ। কিন্তু সেখানে পুলিসের ভূমিকা নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয়জিৎ জানান, থানায় পুলিস একটি ‘মোটর কলিশন রিপোর্ট’ নথিবদ্ধ করেই বিষয়টি মিটিয়ে দেয়। শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে লরিটিকে শনাক্ত করা, চালককে ধরার বিষয়ে পুলিসের তাৎক্ষণিক কোনও তৎপরতা চোখে পড়েনি বলে তিনি অভিযোগ করেন। পুলি,
সচেষ্ট হলে এরকম মদ্যপ ও বেপরোয়া চালককে আটকে শহরের বুকে অন্য কোনো বড়সড় জীবনহানি বা দুর্ঘটনা রোখা যেত বলে সরব হন অভিনেতা। তবে এই ক্ষোভের মাঝেও কলকাতা পুলিসের প্রতি তাঁর আস্থা অটুট রয়েছে জানিয়ে জয়জিৎ আশা প্রকাশ করেন, পুলিশ শীঘ্রই বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
(Feed Source: zeenews.com)
