)
Maharashtra Family Tragedy: কুণালের মামাবাড়ির লোকেদের দাবি, কুণাল চেয়েছিলেন বাবা-মায়ের বিবাদ মিটিয়ে দিতে। অন্যদিকে, মুরলীধরের বোন জানান, ২২ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন এই দম্পতি। কিন্তু দুই পরিবারের মধ্যে নানা টানাপোড়েন ছিল। তবে প্রতিবেশীরা জানান, বাইরে থেকে তাঁদের কোনো অশান্তি বোঝা যেত না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্রের পাহাড় থেকে পড়ে মৃত্যু হয় একই পরিবারের তিন জনের। গত সোমবার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ বছরের তরুণ কুণাল, তাঁর বাবা মুরলীধর এবং মা সঙ্গীতা। পুলিস, দমকল ও পরিবারের উপস্থিতিতে উদ্ধারকাজ চলাকালীন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কুণালকে খাদের ধার থেকে সরিয়ে আনার চেষ্টার সময় হঠাৎই বাবা ও ছেলে প্রায় ৩০০ ফুট নীচে পড়ে যান। চোখের সামনে স্বামী ও সন্তানকে পড়ে যেতে দেখে তত্ক্ষণাত্ পাহাড় থেকে ঝাঁপ দেন মা সঙ্গীতাও। প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে, আইফোনের ইএমআই নিয়ে বাবার সঙ্গে অশান্তি হয় কুণালের। তারপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
তদন্তে নেমে পুলিসের সামনে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, আইফোনের ইএমআই নয়। বাবা-মায়ের ঝামেলা, সম্পত্তি সংক্রান্ত বিবাদ মেটাতেই কুণাল এই পদক্ষেপ নিয়েছিলেন। এমনকী সঙ্গীতার বোন পল্লবী পাতিলও আইফোনের গল্পকে সম্পূর্ণ ভুল এবং গুজব বলে দাবি করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেন। তিনি অত্যন্ত ক্ষোভ ও কষ্ট নিয়ে জানান, না জেনে মানুষ যে সব মনগড়া কথা ছড়াচ্ছে, তাতে তাঁদের পরিবার চরম কষ্টের মধ্যে পড়েছে। পল্লবী স্পষ্ট বলেন, এই ধরনের ভিত্তিহীন খবর ছড়িয়ে যেন তাঁর ৭৫ বছরের বৃদ্ধ বাবা-মাকে আরও যন্ত্রণা দেওয়া না হয়। কুণাল এ বছর সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় ৮২ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন এবং তাঁর স্বপ্ন ছিল ডাক্তার হওয়া।
পুলিসের তদন্তে জানা গিয়েছে, পেশায় ট্রাক চালক মুরলীধর এবং গৃহবধূ সঙ্গীতার সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। ছয় বছর আগে তাঁদের বড় ছেলে অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকেই পরিবারে অশান্তি বাড়ে এবং তাঁরা আলাদা থাকতে শুরু করেন। কাজের জন্য মুরলীধর মাসের পর মাস বাড়ির বাইরে থাকতেন। তিন মাস পর ঘটনার মাত্র দু’দিন আগেই তিনি বাড়ি ফিরেছিলেন, আর তখনই নতুন করে অশান্তি শুরু হয়।
মৃত্যুর আগে সঙ্গীতার করা কিছু পোস্ট এখন পুলিসের নজরে রয়েছে। সঙ্গীতা একজন ইউটিউবার ছিলেন এবং তাঁর প্রায় ২৯ হাজার সাবস্ক্রাইবার ছিল। একটি ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, সম্পত্তির লোভে কেউ তাঁর পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এর ঠিক আগের দিনও তিনি সম্পর্ক এবং তার মূল্য নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন, যেখানে মূল্যহীন সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছিল।
পুলিস সূত্রে আরও জানা গেছে, কুণাল আগেও মানসিকভাবে ভেঙে পড়েছিল। গত বছরও সে এই একই পাহাড়ে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। সে বার পুলিস গিয়ে তাকে বুঝিয়ে সুস্থভাবে ফিরিয়ে আনে। পুলিস এখন সঙ্গীতার ভিডিয়ো এবং পরিবারের পুরনো সব বিবাদ খতিয়ে দেখে আসল ঘটনা বের করার চেষ্টা করছে।
অন্যদিকে, এই ঘটনার পর তাঁদের পোষা কুকুর ‘শেফু’ দুই দিন ঘরে আটকে ছিল। প্রতিবেশীরা তাকে খাবার ও জল দেন। পরে একটি পশু কল্যাণ সংস্থা তাকে উদ্ধার করে পুরসভার আশ্রয়স্থলে নিয়ে যায়। এখন তারা শেফুর জন্য নতুন একটি পরিবারের খোঁজ করছে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(Feed Source: zeenews.com)
